ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিড়ির ওপর থেকে আবগারি কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। পাশাপাশি অসম কর আরোপের ফলে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কমলেশ চন্দ্র দাস বলেন, "বিড়ি শিল্পকে সচল রাখতে হলে বিড়ির ওপর আরোপিত কর প্রত্যাহার করতে হবে। তা না হলে এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা বেকার হয়ে পড়বে।"
সিগারেট শিল্পকে উৎসাহিত করতে ১৯৭৫ সালের পর থেকে বিড়ির ওপর অসম কর আরোপ করা হয় জানিয়ে তিনি বলেন, "বর্তমানে দেশে প্রতি মাসে ৬০ লাখ ৭০ হাজার বিড়ি বিক্রি হয়। হাজার প্রতি প্রায় ৪৭ শতাংশ কর দিয়ে থাকেন উৎপাদনকারীরা।"
বিড়ি শিল্প থেকে সরকার বছরে প্রায় ৩৪০ কোটি টাকা কর পাচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এম কে বাঙ্গালী বলেন, "বিড়ি শিল্পকে বাঁচাতে এখন থেকে সব ধরনের কর মওকুফ করতে হবে। যেসব শ্রমিক বেকার হয়ে পড়েছে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।"
এম এ বাঙ্গালী বলেন, দেশে বর্তমানে ১২৮টি বিড়ি কোম্পানি রয়েছে। সেগুলোতে কাজ করছে প্রায় ২৫ লাখ শ্রমিক।"
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন বিড়ির ওপর অসম কর প্রত্যাহারের আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসএনডি/২০১৪ ঘ.
bdnews24