আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০০৮-০৯ অর্থবছরের জাতীয় বাজেটের আকার হবে ৯৯ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন ব্যয়ের পরিমাণ হবে ২৫ হাজার ৫০০ কোটি টাকা। আর অনুন্নয়ন খাত, খাদ্য খাত, কাঠামোগত সমন্বয় এবং ঋণ ও অগ্রিমসহ মোট ব্যয়ের পরিমাণ ৭৪ হাজার কোটি টাকার মতো দাঁড়াবে। সামগ্রিক বাজেট ঘাটতি হবে ৫ শতাংশ। আগামী ৮ অথবা ৯ জুন এ বাজেট ঘোষণা করা হবে।
সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বেসরকারিকরণ বিষয়ক এক সেমিনার উদ্বোধন শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে নতুন বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ সব তথ্য জানান।
নতুন বাজেটে করের হার বাড়ানো হবে না জানিয়ে উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, এবার কর আদায়ের ব্যবস্থা আরও সহজ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের উত্তরে মির্জ্জা আজিজুল বলেন, "২৫ হাজার ৫০০ কোটি টাকার এডিপি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। সব মিলিয়ে আগামী অর্থবছরের বাজেটের আকার ৯৯ হাজার ৫০০ কোটি টাকায় দাঁড়াবে।"
এবার বাজেট ঘাটতি বাড়লেও তা ৫ শতাংশের বেশি হবে না বলে তিনি জানান।
চলতি ২০০৭-০৮ অর্থবছরে সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছিল ৪ দশমিক ২ শতাংশ। তবে জ্বালানি তেল, সার, খাদ্যপণ্য আমদানিসহ বিভিন্ন খাতে ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে যাওয়ায় সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ কিছুটা বাড়বে বলে অর্থ উপদেষ্টা জানান।
তবে নতুন বাজেটে এ সব খাতে ভর্তুকির পরিমাণ বাড়ানো হবে বলে আজিজুল ইসলাম জানান।
কর বিষয়ক এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "নতুন বাজেটে করের হার বাড়ানো হবে না। উল্টো কোনও কোনও ক্ষেত্রে কমানো হতে পারে। তবে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণের জন্য কিছু পণ্যের আমদানি শুল্ক বাড়ানো হতে পারে।"
সামগ্রিকভাবে রাজস্ব আদায় বাড়াতে করের আওতা (ট্যাক্স নেট) ব্যাপকভাবে স
bdnews24