২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারীবাগ থেকে ২০১০ মধ্যে সাভারে স্থানান্তর হবে চামড়া শিল্প: হোসেন জিল্লুর

ঢাকার হাজারীবাগ থেকে ২০১০ সালের মধ্যে চামড়া শিল্পকে সাভারে স্থানান্তরের জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার হাজারীবাগ থেকে ২০১০ সালের মধ্যে চামড়া শিল্পকে সাভারে স্থানান্তরের জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার বিসিএফসিসি আয়োজিত ভারতীয় চামড়া শিল্প সামগ্রীর দু'ব্যাপি প্রদর্শনী ও ক্রেতা-বিক্রেতা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, "বিদেশে মানসম্মত চামড়াজাত পণ্য ব্যাপকভাবে রপ্তানির সুযোগ রয়েছে। এক্ষেত্রে নন-ট্যারিফ প্রতিবন্ধকতা অনেকটাই দূর হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের ব্যাটারি ভারতে রপ্তানি হচ্ছে। মানসম্মত চামড়াজাতীয় পণ্য উৎপাদন হলে তাও ভারতে রপ্তানি করা সম্ভব হবে।" অনুষ্ঠানে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, ভারতের ভারপ্রাপ্ত হাই-কমিশনার মুক্তা ডি টমার, সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, ভারতীয় পাদুকা সরঞ্জামাদি প্রস্তুতকারক সমিতির সভাপতি বিডি বাইয়া, বাংলাদেশের চামড়া ও পাদুকা সামগ্রী প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের সেভেন সিস্টারস-এ বাংলাদেশী পণ্য রপ্তানির ব্যাপক সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন স্থানে অবকাঠামোগত কিছু উন্নয়নের প্রয়োজন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষীক বাণিজ্যিক ক্ষেত্রে আগে যে হিমালয়সম প্রতিবন্ধকতা ছিল, তার অনেকটাই এখন কমে এসেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/১৮০২ ঘ.