ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশ ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে ব্যর্থ হবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক ও আইএমএফ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক প্রণীত 'গ্লোবাল মনিটরিং রিপোর্ট' (বিশ্ব পর্যালোচনা প্রতিবেদন)-এ এই সতর্কতা জানানো হয়। মঙ্গলবার ওয়াশিংটন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, দিল্লি ও ইসলামাবাদে একযোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
বিশ্বের দেশগুলো ঐকমত্যের মাধ্যমে আটটি লক্ষ্যকে এমডিজি হিসেবে নির্ধারণ করেছিল। ২০১৫ সালের মধ্যে এ লক্ষ্য অর্জনের সময়সীমা রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ব্রাজিল বা কলাম্বিয়ার মতো মধ্যম আয়ের দেশগুলোর তুলনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষা বিস্তারের লক্ষ্য থেকে পিছিয়ে আছে। দেশটি ভারতের চেয়ে তিনগুণ বেশি প্রাকৃতিক দুর্যোগ মেকাবিলা করেছে।
এতে বলা হয়, বাংলাদেশের বড় চিকিৎসাকেন্দ্রগুলোতে চিকিৎসকের ঘাটতি ৪০ শতাংশ, উপজেলা পর্যায়ে এই হার ৭৪ শতাংশ। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চরম দরিদ্রের হার অর্ধেকে নামিয়ে আনার কথা থাকলেও অগ্রগতি সন্তোষজনক নয়। শিশু ও মাতৃমৃত্যু হার কমানো, প্রাথমিক শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্যসম্মত পয়ঃব্যবস্থার লক্ষ্য পূরণেও রয়েছে ধীরগতি।
বিশ্বব্যাংকের উন্নয়ন অর্থনৈতিক উপদেষ্টা ও প্রতিবেদনটির প্রণেতা ড. জিয়া কোরেশি বলেন, "এমডিজি অর্জন ও জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় গরিব দেশগুলোকে সাহায্যের পাশাপাশি বিশ্ববাসীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোই প্রতিবেদনের মূল কথা।"
তিনি জানান, উন্নয়নের লক্ষ্য অর্জন এবং টেকসই পরিবেশ বজায় রাখার বিষয়টি একসূতায় গাঁথা। এমডিজি লক্ষ্য অর্জনের মাঝপথে এসে কিছু আশাব্যাঞ্জক অগ্রগতি হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেশগুলো লক্ষ্যপূরণে অনেক পিছিয়ে পড়েছে।
খাদ্যের বিশ্বব্যাপী ঊর্ধ্বগতি প্রসঙ্গে জিয়া কোরেশি বলেন, "এ সঙ্কটের কারণে রাজনৈতিকভাবে কৃষি বাণিজ্য উদারিকরণের একটি সুযোগ এসেছে।"
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বিবৃতিতে ক্ষুধা ও পুষ্টি চাহিদা মেটানোর লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট বি জোয়েলিক।
তিনি বলেন, "শিক্ষা, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও শিশুমৃত্যু হার কমানোর লক্ষ্য অর্জনের ক্ষেত্রে পুষ্টিহীনতা কমিয়ে আনার ব্যাপক প্রভাব রয়েছে।"
'গ্লোবাল মনিটরিং রিপোর্ট: এমডিজিস অ্যান্ড দ্যা এনভায়রনমেন্ট- এজেন্ডা ফর ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট' শীর্ষক প্রতিবেদনে পরিবেশ ও উন্নয়নের মধ্যে সম্পর্ক নির্দেশ করে জলবায়ু পরিবর্তনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়।
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোই সবচেয়ে বেশি দুর্দশায় পড়বে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
এতে বলা হয়, এ পরিবর্তনের প্রভাবে অপুষ্টি, মাতৃস্বাস্থ্যহানি, শিশুমৃত্যুজনিত ঝুঁকির কারণে দক্ষিণ এশিয়ার জনগোষ্ঠী স্বাস্থ্যগতভাবে সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে।
নিরাপদ পানি সরবরাহের লক্ষ্য পূরণে দক্ষিণ এশিয়া ঠিক পথে থাকলেও, পয়ঃনিষ্কাশন সুবিধাপ্রাপ্তির লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়েছে।
বিশ্বব্যাংক ও আইএমএফ এর প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় শিশু অপুষ্টির হার সবচেয়ে বেশি। আফ্রিকার দেশগুলোর তুলনায় ভারতে শিশু অপুষ্টির হার দ্বিগুণ। এ অঞ্চলে খাদ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে অপুষ্টির ঝুঁকিও বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২৫২ ঘ.
bdnews24