২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে চালের যোগান কমছে

রপ্তানি নিরুৎসাহিত করতে বিভিন্ন দেশ চালের দাম বাড়িয়ে চলছে। কয়েকটি দেশ নিষিদ্ধ করেছে রপ্তানি। প্রতি টন চালের দাম এক লাফে সাড়ে তিনশ ডলার বাড়িয়ে এক হাজার ডলার করেছে ভারত। বৃহস্পতিবার চাল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। পরদিন দ্বিতীয় বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভিয়েতনামও রপ্তানি ২২ ভাগ কমিয়ে দেওয়ার ঘোষণা দেয়। মিশর ১ এপ্রিল থেকে রপ্তানি বন্ধ রাখবে। থাইল্যান্ডেও এ ব্যাপারে চিন্তাভাবনা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 02:28 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রপ্তানি নিরুৎসাহিত করতে বিভিন্ন দেশ চালের দাম বাড়িয়ে চলছে। কয়েকটি দেশ নিষিদ্ধ করেছে রপ্তানি। প্রতি টন চালের দাম এক লাফে সাড়ে তিনশ ডলার বাড়িয়ে এক হাজার ডলার করেছে ভারত। বৃহস্পতিবার চাল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। পরদিন দ্বিতীয় বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভিয়েতনামও রপ্তানি ২২ ভাগ কমিয়ে দেওয়ার ঘোষণা দেয়। মিশর ১ এপ্রিল থেকে রপ্তানি বন্ধ রাখবে। থাইল্যান্ডেও এ ব্যাপারে চিন্তাভাবনা চলছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান অবশ্য বলেছেন, বিশ্ববাজারে চালের সঙ্কট বাংলাদেশে তেমন প্রভাব ফেলবে না। শনিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন "আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়লে বা সঙ্কট দেখা দিলেও বাংলাদেশের তেমন কোনো সমস্যা হবে না। কারণ কিছুদিন পরই আমাদের বোরো ধান উঠবে। এবার বোরোর ভালো ফলন হবে বলে ধারণা করা হচ্ছে। বোরো ধান উঠলেই স্থানীয় বাজারে চালের দাম কমতে শুরু করবে।" খাদ্য সচিব বলেন, "ভারত চালের দাম এক হাজার ডলার করেছে- এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্র আমাদের কাছে আসেনি। বিষয়টি লোকমুখে শোনা যাচ্ছে। ভিয়েতনাম ও কম্বোডিয়া নিজের দেশের চাহিদার কথা বিবেচনা করে চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলেও শুনেছি। তবে আমি নিশ্চিত করে বলতে পারি, বর্তমানে আমাদের যে মজুদ আছে তা দিয়ে আগামী দুই-আড়াই মাস কোনো সমস্যা হবে না।" ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাসমতি ছাড়া সব চালের সর্বনিু রপ্তানি মূল্য টনপ্রতি ১০০০ ডলার বা ৪০ হাজার রুপি বেঁধে দিয়েছে। অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য এই ব্যবস্থা নিয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই গত বৃহস্পতিবার জানায়। ভারত এই নিয়ে গত তিন মাসে তিন দফা চালের দাম বাড়ালো। ডিসেম্বরে প্রতি টন চালের দাম ছিল ৩৯৫ থেকে ৪০৫ ডলার। জানুয়ারির শেষের দিকে তা বাড়িয়ে ৫১০ ডলার করা হয়। এরপর চলতি মাসের প্রথম দিকে বাসমতি ছাড়া অন্য সব চালের দাম ৬৫০ ডলারে নির্ধারণ করে দেওয়া হয়। খাদ্য সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বলেন, দেশে এখন চার লাখ ৮১ হাজার টন চাল মজুদ আছে। তা দিয়ে দুই মাসের বেশি সময় অনায়াসে চলে যাবে। মে মাসের প্রথম দিকেই বোরো ধান উঠতে শুরু করবে। তখন আর কোনো সমস্যা হবে না। ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনে গত শনিবার এক প্রতিবেদনে বলা হয়, মিশর ও কম্বোডিয়ার পর এবার চাল রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে ভিয়েতনাম ও ভারত। গত বুধবার কম্বোডিয়া বেসরকারি পর্যায়ে সবধরনের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। মিশরও ১ এপ্রিল থেকে রপ্তানি বন্ধ রাখবে। প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড রপ্তানির ওপর এখনো নিষেধাজ্ঞা দেয়নি, তবে এ বিষয়ে চিন্তাভাবনা চলছে। বিশ্বখাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০০৭ সালে সারাবিশ্বে চালের উৎপাদন হয়েছে ৬৪২ মিলিয়ন টন। যা ২০০৬ সালের চেয়ে মাত্র এক শতাংশ বেশি। চলতি বছর বিশ্বে চালের সর্বোচ্চ উৎপাদন ৬৩৫ মিলিয়ন টন হতে পারে। উৎপাদন বেশি না হলেও চালের ব্যবহার দেড় থেকে দুই শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বখাদ্য কর্মসূচি । এ পরিস্থিতিতে এ বছর বিশ্বে খাদ্য মজুদ আগের চেয়ে কমে ৭২ মিলিয়ন টনে দাঁড়াবে বলে আভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ। উৎপাদক ও মজুদের এমন নাজুক অবস্থায় গত দু মাসে আন্তর্জাতিক বাজারে চালের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। ভারত সরকার বিভিন্ন সময়ে চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা ও দাম বাড়িয়ে দেওয়ায় বাংলাদেশ সরকার থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে চাল আমদানির উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ১৩ মার্চ আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মিয়ানমার থেকে ২০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। মিয়ানমারের চাল দেশে চলে এসেছে বলে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০১৬ ঘ.