২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় চাল: দ্বিতীয় বৈঠকও সিদ্ধান্ত ছাড়াই মূলতবি

ভারত থেকে আমদানির জন্য নির্ধারিত চার লাখ টন চালের দাম এবং সরবরাহের সময় নির্ধারণের জন্য দু'পক্ষের দ্বিতীয় দফা বৈঠকও বৃহস্পতিবার কোনও সিদ্ধান্ত ছাড়াই মূলতবি করা হয়েছে। আগামী রোববার আবার বৈঠক বসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে আমদানির জন্য নির্ধারিত চার লাখ টন চালের দাম এবং সরবরাহের সময় নির্ধারণের জন্য দু'পক্ষের দ্বিতীয় দফা বৈঠকও বৃহস্পতিবার কোনও সিদ্ধান্ত ছাড়াই মূলতবি করা হয়েছে। আগামী রোববার আবার বৈঠক বসবে। রোববারের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে খাদ্য অধিদপ্তরের পরিচালক এলাহী দাদ খান আশা প্রকাশ করেছেন। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ওইদিনই ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে বলে এলাহী দাদ খান বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন। গত ১৭ ও ১৮ মার্চ প্রথম দফা বৈঠকের পর বৃহস্পতিবার সকালে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দ্বিতীয় দফা বৈঠক শুরু হয়। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তার নেতৃত্বে বাংলাদেশী প্রতিনিধি দলে আরো ছিলেন সিদ্দিকুর রহমান ও আব্দুল হালিম। অন্যদিকে ভারতীয় চারটি চাল রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টিপিএস নারায়ণ। খাদ্য ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে এলাহী দাদ খান জানান, ভারত থেকে তাদের প্রতিশ্র"ত পাঁচ লাখ মেট্রিক টন চালের মধ্যে অবশিষ্ট চার লাখ টন চাল আমদানির ক্ষেত্রে দামের চেয়ে সময়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় প্রতিনিধিরা ৯০ দিনের পরিবর্তে ৬০ দিনে চাল দিতে সম্মত হয়েছে। জবাবে বাংলাদেশও কিছুটা ছাড় দিয়ে একমাসের পরিবর্তে ৪৫ দিনের মধ্যে চাল দিতে বলেছে। তবে এ ব্যাপারে ভারতীয় প্রতিনিধি দল বৈঠকে কোন মত দেয়নি। ভারতীয়দের আগামী ১৫ থেকে ৩০ এপ্রিলের মধ্যে চাল দেওয়ার অনুরোধ করা হয়েছে জানিয়ে খাদ্য অধিদপ্তরের পরিচালক বলেন সময় চূড়ান্ত হলে দামের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। সরকার বোরো ওঠার আগে বাজার স্থিতিশীল রাখতে দ্রুত আমদানি করতে চায় বলে তিনি জানান। এলাহী দাদ খান আরও বলেন, "বাজারে বিক্রির জন্য নয়, আমরা চাল আমদানি করছি বিতরণের জন্য।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৪১ঘ.