২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ২৮৭৩ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সোমবার মোট দুই হাজার ৮৭৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সোমবার মোট দুই হাজার ৮৭৩ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয়ভাবে পাওয়া যাবে দুই হাজার ১৬৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৭০৬ কোটি টাকা। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেকের চেয়ারম্যান হিসেবে এ সভায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্ব করার কথা থাকলেও তার অনুপস্থিতিতে বিকল্প চেয়ারম্যান হিসেবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে আটটি অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে ছয়টি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প।" অনুমোদিত নতুন প্রকল্প দুটি হলো- ১৫৫ কোটি টাকা ব্যয়ে 'নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন এবং শহর সংরক্ষণ প্রকল্প' এবং ৮৪ কোটি টাকার 'রাজশাহী অঞ্চলের পল্লী এলাকায় জরুরি বিদ্যুৎ সরবরাহ প্রকল্প'। সংশোধিত ছয়টি প্রকল্প হলো- এক হাজার সাত কোটি টাকার '৫৪টি জেলা সদরে সরকারি অফিস ও বাসভবন নির্মাণ প্রকল্প', ৩৮৬ কোটি টাকার 'সারা দেশে গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প', ৩৪ কোটি টাকার 'বিআইডব্লিউটিএ'র দুটি ড্রেজার ও সহায়ক জলযান পুনর্বাসন প্রকল্প', ৫৪৩ কোটি টাকার 'ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি)-১ প্রকল্প', ৫৫৩ কোটি টাকার 'ডাই অ্যামোনিয়া ফসফেট (ডিএপি)-২ প্রকল্প' এবং ১১১ কোটি টাকার 'বাংলাদেশ পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রকল্প'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/২১৩৫ ঘ.