ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায়' চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২৬ হাজার ৫০০ কোটি টাকা থেকে ১৫ শতাংশ কমিয়ে ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মূল বরাদ্দ থেকে সংশোধিত এডিপিতে টাকার পরিমাণ চার হাজার কোটি টাকা কমলেও প্রকল্প বেড়েছে ১২৭টি। মূল এডিপিতে মোট ৯৩১টি প্রকল্পের কথা বলা হলেও সংশোধিত এডিপিতে তা বেড়ে ১০৫৮টিতে দাঁড়িয়েছে।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়।
এনইসি'র চেয়ারম্যান হিসেবে এ সভায় প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্ব করার কথা থাকলেও তার অনুপস্থিতিতে এনইসি'র বিকল্প চেয়ারম্যান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, "এনইসি বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তিনি কিছুটা অসুস্থ থাকায় তার নির্দেশে আমি সভাপতিত্ব করেছি।"
তিনি বলেন, "ইতিহাস ঘেটে দেখেছি। কোনো বছরই মূল এডিপি'র পুরোটা বাস্তবায়ন হয় না। এডিপি সংশোধন একটি চলমান প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও ২৬ হাজার ৫০০ কোটি টাকার মূল এডিপি সংশোধন করে ২২ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।"
আজিজুল ইসলাম বলেন, "গত কয়েক বছরের এডিপি পর্যালোচনা করে দেখা গেছে ১৭ থেকে ১৮ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে। প্রতিবারই বেশি করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। পরে তা কমিয়ে আনা হয়।"
এবারো বাস্তবায়ন সন্তোষজনক না হওয়ায় এডিপির আকার কমিয়ে আনা হলো বলে জানান তিনি।
এতে করে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানান তিনি।
২২ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত এডিপি'র পুরোটা বাস্তবায়ন হবে কি না- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমরা পুরোটা বাস্তবায়নের চেষ্টা করব। দেখা যাক কি হয়।"
আগামী ২০০৮-০৯ অর্থবছরের এডিপি'র আকার চলতি বছরের মতো উচ্চাভিলাষী হবে কি না জানতে চাইলে মির্জ্জা আজিজুল বলেন, "এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সব দিক বিবেচনায় রেখে নতুন এডিপি নির্ধারণ করা হবে।"
বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে বলা হয়, সংশোধিত এডিপিতে অভ্যন্তরীণ উৎসের পরিমাণ ধরা হয়েছে ১৩ হাজার ৫৫০ কোটি টাকা। আর বিদেশি উৎস (প্রকল্প সাহায্যসহ অন্যান্য সাহায্য) থেকে আসবে আট হাজার ৯৫০ কোটি টাকা।
মূল এডিপি থেকে সংশোধিত এডিপি ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যে স্থানীয় বরাদ্দ কমেছে তিন হাজার ১৫০ কোটি টাকা (১৯ শতাংশ)। আর প্রকল্প সাহায্য হ্রাস পেয়েছে ৮৫০ কোটি টাকা (৯ শতাংশ)।
সংশোধিত এডিপিতে মূল এডিপির তুলনায় প্রকল্প সংখ্যা ১২৭টি বাড়ানো হয়েছে। মূল এডিপিতে বিনিয়োগ প্রকল্পর ছিল ৭৪৭টি। সংশোধিত এডিপিতে তা বেড়ে হয়েছে ৮২৯টি। মূল এডিপিতে কারিগরি সহায়তা প্রকল্প ছিল ১৪৯টি। সংশোধিত এডিপিতে তা বেড়ে হয়েছে ১৯২টি। মূল এডিপিতে বরাদ্দবিহীন অননুমোদিত প্রকল্প ছিল ৪০২টি। সংশোধিত এডিপিতে তা কমিয়ে ১৯২টি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মূল এডিপি'র ২৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে এ হার ছিল ২৯ শতাংশ।
সংশোধিত এডিপিতে পাঁচটি খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে কৃষি, পল্লী উন্নয়ন, পল্লী প্রতিষ্ঠান ও পানি সম্পদ খাতে এডিপি'র ২৪ শতাংশ, শিক্ষা ও ধর্ম খাতে ১৩ শতাংশ, বিদ্যুৎ খাতে ১৩ শতাংশ, পরিবহন খাতে ১১ শতাংশ ও স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে সংশোধিত এডিপির ১১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। এই পাঁচ খাতে সংশোধিত এডিপি'র ৭২ শতাংশ অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএ/২১২৭ঘ.
bdnews24