২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি পণ্য না বাড়ালে মুক্ত বাণিজ্য চুক্তির সুফল আসবে না: বাণিজ্য উপদেষ্টা

কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) করার আগে রপ্তানিকৃত পণ্যের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে তা না হলে এ চুক্তি দেশের অর্থনীতিতে কোনো সুফল বয়ে আনবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) করার আগে রপ্তানিকৃত পণ্যের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে তা না হলে এ চুক্তি দেশের অর্থনীতিতে কোনো সুফল বয়ে আনবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন এ মুক্ত বাণিজ্য ও আঞ্চলিক বাণিজ্য চুক্তির বিষয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং (এসএএনইএম), সিইউটিএস ইন্টারন্যাশনাল ও কমনওয়েলথ সচিবালয় যৌথভাবে এ সেমিনার আয়োজন করে। উপদেষ্টা বলেন, "নেপাল ও শ্রীলঙ্কা এর মধ্যেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। দেখা যাক আমরা এ ব্যাপারে কী করতে পারি। শ্রীলঙ্কা ও নেপালের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।" বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, "রপ্তানিযোগ্য পণ্য না থাকলে নতুন কোনো বাজার তৈরির মানে নেই। আমাদের লক্ষ্য শুধু নতুন বাজার তৈরি নয় বরং জনগণের কল্যাণের স্বার্থে রপ্তানিযোগ্য পণ্যের সংখ্যা বাড়ানো। মাত্র দু'তিনটি রপ্তানি পণ্য নিয়ে নতুন বাজার তৈরি করার কি মানে?" সেমিনারে অংশগ্রহণকারী নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা ভারতের সঙ্গে তাদের মুক্ত বাণিজ্য চুক্তির অভিজ্ঞতা তুলে ধরেন। নেপালের প্রতিনিধি নবিন দালান জানান, চুক্তি স্বাক্ষরের পর ভারতীয় প্রতিষ্ঠানগুলো নেপালে বিনিয়োগ করেছে। মুক্ত বাণিজ্যের সুবিধা নিয়ে তারা বিনা শুল্কে ভারত থেকে ঘি তৈরির কাঁচামাল আনে এবং নেপালের কারখানায় ঘি তৈরি করে আবার শুল্ক ছাড়াই ভারতের বাজারে তা রপ্তানি করে। আর এসব কারখানা প্রায় পুরোপুরি যন্ত্রচালিত হওয়ায় সেখানে কর্মসংস্থানেরও তেমন সুযোগ তৈরি হয়নি। শ্রীলঙ্কার প্রতিনিধি সামান কেলেগামা জানান, তাদের অভিজ্ঞতাও অনেকটাই নেপালের মতো। ভারতীয় প্রতিষ্ঠানগুলো সেখানে অ্যালুমিনিয়াম ও বনস্পতি উৎপাদন খাতে বিনিয়োগ করে। বিনা শুল্কে তারা কাঁচামাল আমদানি করে। তবে ভারতে এসব পণ্যের বাজার ছোট হয়ে আসায় অল্প সময়ে প্রতিষ্ঠানগুলো শ্রীলঙ্কা ছেড়ে যায়। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ২০০৩ সালে আলাদাভাবে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দেয়। বাংলাদেশ এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অর্থনীতিবিদ রেহমান সোবহানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, সার্কের সাবেক মহাসচিব কিউএএমএ রহিম, এসএএনইএম এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/২১১২ঘ.