ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে বড় ধরনের পতন হয়েছে, লেনদেনও কমেছে। অন্যান্য কারণের মধ্যে ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের দামের সমন্বয় ও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এদিন দরপতনে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদিন জেড শ্রেণীর শেয়ারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির মাধ্যমে মুনাফা তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা। রোববার ওই প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান জানান, ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের দামের সমন্বয় করার কারণে এবং বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ায় সোমবার দরপতন হয়েছে। "বিশেষ করে গত কয়েক দিনে কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় সেগুলো বিক্রি করে দিয়ে মুনাফা তুলে নিয়েছেন বিনিয়োগকারীরা "-পর্যবেক্ষণ তার।
শেয়ারের দাম সমন্বয়ের পর ডাচ বাংলা ব্যাংকের বাজার মূলধনের পরিমাণ কমে যায় এবং আগের দিনের তুলনায় প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭৩ দশমিক ০৫ শতাংশ কমে ৩৪৯৪ টাকায় দিনশেষ করে। তবে মুনাফাকারী প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে ছিল ব্যাংকটি। আগের দিনই বেলাশেষে তাদের শেয়ারের দাম ছিল ১২৯৯৫ টাকা ৫০ পয়সা।
দিনের শুরুর প্রথম দুই ঘণ্টায় ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের দাম অনেক বেড়ে যাওয়ায় সাধারণ মূল্য সূচক ৩০৩০ পয়েন্টে পৌঁছে যায়। তৃতীয় ঘণ্টায় ডিএসই ও ব্যাংক কর্তৃপক্ষ শেয়ারের দাম সমন্বয়ের পরপরই সূচক ১২০ পয়েন্ট নেমে যায়।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৮৪ দশমিক ৪১ পয়েন্ট বা ২ দশমিক ৮১ শতাংশ কমে ২৯১৩ দশমিক ৩৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৬৩ দশমিক ৫৬ পয়েন্ট বা ২ দশমিক ৫১ শতাংশ কমে হয়েছে ২৪৬৭ দশমিক ৭০ পয়েন্ট। তবে ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক দশমিক ৮৪ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ বেড়ে ২২৬৪ দশমিক ৪১ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩০ কোটি টাকার এক কোটি ৭২ লাখ ৭১ হাজার ৯৯৫টি শেয়ার লেনদেন হয়। আগেরদিন লেনদেনের পরিমাণ ছিল ৩১৬ কোটি টাকা। ডিএসইতে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ৩১ শতাংশ কমে হয়েছে ৩৮০৮ টাকা। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ১৩ শতাংশ কমে ৭৮ টাকা ১০ পয়সা হয়। তবে দুই দিন পতনের পর এবি ব্যাংকের শেয়ারের দাম দিনশেষে ৪ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৩২৬৬ টাকা ৭৫ পয়সায় ওঠে।
ডেসকোর শেয়ারের দাম এক দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪০ টাকা ২৫ পয়সা হয়। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার এক দশমিক ৭৬ শতাংশ কমে ৬৫২ টাকা ৭৫ পয়সা হয়েছে।
সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আইসবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, লাফার্জ সুরমা সিমেন্ট ও উত্তরা ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও এসিআই ও ডাচ বাংলা ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
তবে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৩৪ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮৪টির দাম কমেছে এবং তিনটির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩৩ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে ৭৮৫১ দশমিক ৩৭ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৩ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়ে হয়েছে ৫০৩৮ দশমিক ৬৬ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৫০ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৬৮০৪ দশমিক ১৬ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/২০৫৮ঘ.
bdnews24