চট্টগ্রাম, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে স্ট্রবেরি চাষ এখন আর নিছক কল্পনার বিষয় নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন এ দেশের আবহাওয়া উপযোগী স্ট্রবেরির তিনটি জাত।
সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে শীতপ্রধান দেশের এই ফলটি বাণিজ্যিকভাবে বাংলাদেশেও চাষ করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। এর মধ্যে ২৪টি জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান স্ট্রবেরি চাষের ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রহুল আমিন রানা।
এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙায় সেনা সদস্যরা স্ট্রবেরির চাষ করেছেন। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ওই গবেষক দলের সদস্যরা বাগান পরিদর্শন করেছেন। ফলাফল দেখে তারা মুগ্ধ। বাগানের স্ট্রবেরির আকার ও স্বাদ পরীক্ষা করে তারা এটিকে তাদের গবেষণার আরও একধাপ অগ্রগতি বলে বর্ণনা করেছেন।
দলের সদস্য রাবির প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিন বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এখানে স্ট্রবেরির ফলন দেখে অভিভূত হয়েছেন।
বাংলাদেশে স্ট্রবেরির এই জাতটির উদ্ভাবনে মূল ভূমিকা রেখেছেন রাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মনজুর হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাটিরাঙায় সফল হওয়ায় আমাদের বিশ্বাস সারাদেশেই স্ট্রবেরির এই জাতটির চাষ সম্ভব। আর সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এলে বাণিজ্যিকভাবেই স্ট্রবেরি চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।"
তিনি জানান, টিস্যু কালচারের মাধ্যমে তারা বাংলাদেশের আবহাওয়া উপযোগী স্ট্রবেরির জাত উদ্ভাবন করেছেন। জাপান থেকে উচ্চ শিক্ষা শেষে ফেরার পথে তিনি স্ট্রবেরির মাদার প্ল্যান্ট (মাতৃ গাছ) নিয়ে আসেন। কয়েকজন সহকর্মী ও ছাত্রদের নিয়ে কয়েক বছরের গবেষণায় তারা দেশে চাষ উপযোগী স্ট্রবেরির তিনটি জাত উদ্ভাবন করেন। তাদের গবেষণা শুরু করেন ১৯৯৬ সালে। সাত বছর পর ২০০৩ সালে তারো রাবি-১, রাবি-২ ও রাবি-৩ এই তিনটি জাত উদ্ভাবনে সফল হন। এতদিন তা লোকচক্ষুর অন্তরালেই ছিল। গত বছর নাটোরের একজন কৃষি কর্মকর্তা এবং মাটিরাঙা জোনের সেনা সদস্যরা পাইলট প্রকল্প হিসেবে স্ট্রবেরি চাষ করে সফল হন।
অধ্যাপক মনজুর বলেন, "বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ স্ট্রবেরি শীত প্রধান দেশের ফল হলেও তাদের উদ্ভাবিত জাত বাংলাদেশের বিভিন্ন স্থানেও চাষ করা সম্ভব। এটি বাণিজ্যিকভাবে করা গেলে চাষীরা বেশ উপকৃত হবেন। বিদেশেও রপ্তানি করা সম্ভব।"
তিনি জানান, তাদের উদ্ভাবিত জাতের স্ট্রবেরি খেয়ে বিদেশিরা প্রশংসা এবং হিমায়িত স্ট্রবেরি আমদানি করতেও আগ্রহ প্রকাশ করেছেন।
অধ্যাপক মনজুর বলেন, "এক বিঘা জমিতে দুই হাজার কেজি স্ট্রবেরি উৎপাদন সম্ভব। এর জন্য খরচ হবে ২০ হাজার টাকা। বর্তমানে স্ট্রবেরির বাজার দর কেজি প্রতি আট থেকে নয়'শ টাকা। বাণিজ্যিক ভাবে চাষ করা গেলে চাষীরা ব্যাপক লাভবান হবেন। তখন এর বাজার দর এক'শ টাকায় কমে আসতে পারে।"
তিনি জানান, প্রাথমিকভাবে রাজশাহীর উদ্ভিদবিদ্যা বিভাগের মাদার প্লান্ট থেকে এর চারা সংগ্রহ করা যাবে। প্রতিটি চারার দাম পড়বে ২০ টাকা। একটি চারা থেকে যে শাখা বের হয় তা কেটে প্রতিস্থাপন করে আরও চারা উৎপাদন করা যাবে। চারা রোপণের পর ৪৫ দিনের মধ্যে ফল আসবে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে মধ্য অক্টোবর পর্যন্ত চারা তৈরি করতে হবে। মধ্য অক্টোবরে বেশি শীত পড়লে চারা রোপণ করতে হবে। চাষ করা যাবে যে কোন ধরনের মাটিতে। তবে মাটির পিএইচ ছয় এর বেশি হতে হবে।
মাটিরাঙা জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল আব্দুল্লাহ আল ইউসুফ সাংবাদিকদের জানান, তিনি গত বছর রাবির অধ্যাপক মনজুরের সঙ্গে যোগাযোগ করে দু'শ চারা এনে স্ট্রবেরির চাষ শুরু করেন। তাদের পরামর্শ নিয়ে তিনি স্ট্রবেরি চাষে সফল হয়েছেন।
তিনি বলেন, মাটিরাঙা কৃষি নির্ভর এলাকা। পার্বত্য এলাকায় কৃষি যোগ্য জমির পরিমাণ কম। তাই স্বল্পতম জমি ব্যবহার করেও এখানে স্ট্রবেরি চাষ করা সম্ভব।
কর্নেল ইউসুফ জানান, এর আগে পাঁচ'শ পরিবারকে মাশরুম চাষের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করা হয়েছে। সেভাবেই আগামী মওসুমে যাতে এখানকার প্রান্তিক চাষীরা স্ট্রবেরি চাষ এগিয়ে আসেন সে ব্যবস্থা তারা নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/১৯২৫ ঘ.
bdnews24