ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষদিনে এসে সূচক ও লেনদেন দুই-ই বাড়লেও ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের শুরুর চিত্র ছিল অন্যরকম। সূচক পড়ে যাওয়ার মধ্যদিয়ে সপ্তাহ শুরু করে এ বাজার। অবশ্য বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় গেল সপ্তাহে বাজারে দরপতন ঘটে। তবে সূচকের এই ছন্দপতন বাজারের স্বাভাবিক চিত্র বলেই মনে করেন তারা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বলেন, "বাজারে এভাবে সূচক পড়ে যাওয়ার ঘটনা বাজারের স্বাভাবিক আচরণ।"
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের সপ্তাহে দাম বেড়ে যাওয়া শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়ার ব্যাপারে বিনিয়োগকারীরা এ সপ্তাহে ছিল বেশ মনোযোগী। এটিও সূচক পড়ে যাওয়ার একটি কারণ।
মঙ্গলবারের পর থেকে বাজার স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করে। মূলত বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগে উৎসাহ বাজারে লেনদেনে গতি সঞ্চার করে।
লতিফ সিকিউরিটিজের ওই কর্মকর্তা আরো জানান, গত মঙ্গলবার দিনভর অ্যাটলাস বাংলাদেশ ও লঙ্কাবাংলা ফিনান্স এর মতো কম জনপ্রিয় অনেক প্রতিষ্ঠানের শেয়ার বাজারে লেনদেনের গতি ফিরিয়ে আনতে অনেকটা প্রভাবকের ভূমিকায় ছিল।
পুঁজিবাজারে গেল সপ্তাহের অন্যতম ঘটনা, এ সপ্তাহে সাধারণ সূচক তিন হাজারের ঘর অতিক্রম করে। এ ছাড়া সপ্তাহের শেষ দিনে এসে ৩০০ কোটি টাকা লেনদেন হয়েছে ডিএসইতে।
তবে বিভিন্ন প্রতিষ্ঠান তুলনামূলক ভালো হারে লভ্যাংশ ঘোষণা করায় বাজার বেড়েছে বলে মনে করেন বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ।
এ ছাড়া বাজারে কারসাজির কারণেও সূচকে এরকমটি ঘটে থাকতে পারে বলে মনে করেন তিনি।
উল্লেখযোগ্য পরিমাণ 'জেড' শ্রেণীর শেয়ারের দামও বেড়েছে গেল সপ্তাহে। সপ্তাহের শেষদিনে এই শ্রেণীর শেয়ারের মধ্যে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ১০ থেকে ১৯ শতাংশের মতো দাম বেড়েছে।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজ এর ওই কর্মকর্তা আরো জানান, সপ্তাহের শেষ তিন দিন তারা অনেক কম জনপ্রিয় শেয়ার লেনদেন করেছেন, যার মধ্যে বেশ কিছু জেড শ্রেণীর শেয়ার ছিল।
তিনি জানান, জুন মাস নাগাদ জেড শ্রেণীর শেয়ারের পুনর্বিন্যাসের খবর বিনিয়োগকারীদের ওইসব শেয়ারে বিনিয়োগ করতে উৎসাহিত করেছে।
তবে আর যাই হোক আসল কথা হলো, 'সপ্তাহান্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন কমেছে।' আগের সপ্তাহের মোট ১ হাজার ৬০০ কোটি থেকে কমে এ সপ্তাহে লেনদেন নেমে এসেছে ১ হাজার ৪৩৪ কোটি টাকায়। এ হিসেবে আগের সপ্তাহে প্রতিদিন লেনদেন গড়ে ৩২০ কোটি টাকা হলেও এ সপ্তাহে হয়েছে ২৮৬ কোটি টাকা।
সপ্তাহের শুরুতে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক যাত্রা শুরু করে দুই হাজার ৯৬৯ দশমিক ৫০ পয়েন্ট দিয়ে, সপ্তাহ শেষে এটি এসে থামে তিন হাজার ২৫ দশমিক ৪৯ পয়েন্টে। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক দুই হাজার ৫০৮ দশমিক ৪৩ পয়েন্ট দিয়ে শুরু করে ৪৫ দশমিক ৩০ পয়েন্ট বা এক দশমিক ৮৫ শতাংশ বেড়ে দাঁড়ায় দুই হাজার ৫৫৪ দশমিক ৭৩ পয়েন্টে।
ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক বৃহস্পতিবার ২২৫৮ দশমিক ৮৬ পয়েন্ট হয়। সপ্তাহের শুরুতে এটি ছিল দুই্ হাজার ২৩৫ দশমিক ৫০ পয়েন্ট।
এই সপ্তাহ শেষে ঢাকার পুঁজি বাজারে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৪ দশমিক ৮৬৮ বিলিয়ন কোটি টাকা। এর আগের সপ্তাহে এ অঙ্ক ছিল ৮১২ দশমিক ৭৪৪ বিলিয়ন কোটি।
সপ্তাহের সবচেয়ে আলোচিত বিষয় ছিল গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড টু এর 'প্রসপেক্টাস' বাতিল করে দেওয়ার ঘটনা। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (মিউচুয়াল ফান্ড) আইন পুরোপুরি না মানায় এই মিউচ্যুয়াল ফান্ডের 'প্রসপেক্টাস' বাতিল করে দেয় নিয়ন্ত্রক সংস্থা।
এসইসি এর নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ গত ১৮ মার্চ এ ব্যাপারে বলেছিলেন, "তহবিল সংগ্রহের প্রথম পদক্ষেপ হিসেবে ১৭ কোটি টাকার প্রাক-আইপিও (প্রাথমিক শেয়ার) বিক্রির সনদ না থাকায় প্রসপেক্টাস বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
আইন অনুযায়ী কোনো উদ্যোক্তা প্রাক-আইপিও'র মাধ্যমে তহবিল সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য উদ্যোক্তাকে ওই তহবিলের 'ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট' জমা দিতে হয়।
গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের দ্বিতীয় প্রকল্প হিসেবে গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু চালুর অনুমোদনের জন্য ২২ জানুয়ারি এসইসি'র কাছে প্রসপেক্টাস জমা দেওয়া হয়।
গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু তহবিলের উদ্যোক্তা হিসেবে রয়েছে গ্রামীণ ব্যাংক এবং শেয়ার ব্যবস্থাপনার দ্বায়িত্বে রয়েছে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অফ বাংলাদেশ।
এদিকে প্রাক-আইপিও বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের প্রথম পদক্ষেপ হিসেবে ২৫ মার্চ গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারহোল্ডারদের জন্য গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড টু এর শেয়ার নিবন্ধনের 'রেকর্ড ডেট' ঘোষণা করেছে এইমস অফ বাংলাদেশ।
এছাড়া প্রাক-আইপিও'র নিবন্ধনের জন্য ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘোষণার পর পরদিনই গ্রামীণ ওয়ান লেনদেনের তালিকায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে উঠে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএ/১৬৩৫ঘ.
bdnews24