২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দরপতন কাটিয়ে পুঁজিবাজার কিছুটা চাঙা

লেনদেনর পরিমাণ কমলেও টানা দরপতন কাটিয়ে মঙ্গলবার কিছুটা চাঙাভাবে দিন শেষ করেছে শেয়ার বাজার। বিনিয়োগকারীদের পোর্টপোলিও পুনর্বিন্যাসের কারণেই এমনটি ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 05:18 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেনর পরিমাণ কমলেও টানা দরপতন কাটিয়ে মঙ্গলবার কিছুটা চাঙাভাবে দিন শেষ করেছে শেয়ার বাজার। বিনিয়োগকারীদের পোর্টপোলিও পুনর্বিন্যাসের কারণেই এমনটি ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। নাম প্রকাশ না করার শর্তে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ এর এক কর্মকর্তা জানান, সারাদিন অ্যাটলাস বাংলা বা লঙ্কা বাংলা ফাইন্যান্সের মতো ছোট প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের মাধ্যমে ভাগ্যযাচাই করেছেন বিনিয়োগকারীরা। "মনে হচ্ছে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের ধারা বদলাতে চাচ্ছেন।" ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবারের লেনদেন তালিকায় নতুন কিছু প্রতিষ্ঠানের নাম দেখা গেছে। এ থেকে মনে হচ্ছে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছেন।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৭ দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ বেড়ে ২৯৬৯ দশমিক ৫২ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৩ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে হয়েছে ২৫০৭ দশমিক ৮৮ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ বেড়ে ২২১২ দশমিক ৭৪ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৭ কোটি টাকার এক কোটি ৮৫ লাখ ৭৮ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছেও ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ছয়টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৫৭ শতাংশ কমে হয়েছে ৩২১৯ টাকা ৫০ পয়সা। স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ২৯ শতাংশ কমে ৩৬৮৩ টাকা হয়। লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ১০২ টাকা ৩০ পয়সায় পৌঁছায়। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৪১ শতাংশ কমে ৬৯ টাকা ৯০ পয়সা হয়। গ্রামীণ মিউটুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দশমিক ৬৩ শতাংশ বেড়ে ১২৭ টাকা ২০ পয়সা হয়েছে। সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ও অ্যাটলাস বাংলার শেয়ারের দাম বেড়েছে। তবে এসিআই ও কেয়া কসমেটিকসের দাম কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচকও ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৩৫ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭১টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৫৬ দশমিক ২৯ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৭৭৩৩ দশমিক ৯৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৩৮ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে হয়েছে ৪৯৬১ দশমিক ১৬ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৩২ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৪৮ শতাংশ বেড়ে ৬৭২৯ দশমিক ৬৬ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএ/১১০৮ঘ.