ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনেই শেয়ারের সাধারণ সূচকের পতনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে পুঁজিবাজার। রোববার লেনদেন আগের দিনে চেয়ে বাড়েনি, পড়ে গেছে ডিএসই- ২০ ব্লু চিপ সূচকও।
ডিএসইর সাধারণ শেয়ার সূচক বা ডিজিইএন সূচক এদিন দশমিক ০০০৭৮ শতাংশ কমে হয়েছে ২৯৬৯ দশমিক ৪৭ পয়েন্ট। দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৭৮ কোটি টাকায়। বৃহস্পতিবারও লেনদেনের পরিমাণ একই ছিল।
রোববার ডিএসই- ২০ ব্লু চিপ সূচকও কমেছে। তবে সার্বিক শেয়ার সূচক বা ডিএসআই দশমিক ০২ শতাংশ বেড়ে ২৫০৯ দশমিক ০১ পয়েন্ট হয়।
ডিএসইতে এদিন মোট ২৫০টি কোম্পানির ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ২৯২টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৮টি কোম্পানির, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত ছিল সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ার ২ দশমিক ৬৯ শতাংশ কমে হয়েছে ৩২৪২ টাকা। আর দশমিক ৯৩ শতাংশ কমে দ্বিতীয় অবস্থানে থাকা গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম হয়েছে ১২৯ টাকা ৮০ পয়সা।
সেরা পাঁচে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেয়া কসমেটিকস এর শেয়ারের দাম ১৩ দশমিক ৪১ শতাংশ বেড়ে ৫৫ টাকা ৮০ পয়সা, লাফার্জ সুরমার শেয়ারের দাম এক দশমিক ৪০ শতাংশ কমে ৪৯০ টাকা ২৫ পয়সা এবং এপেক্স আদেল ফুটওয়্যার শেয়ারের দাম এক শতাংশ বেড়ে হয়েছে ২৯৭৬ টাকা ২৫ পয়সা।
সেরা দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা, এটলাস বাংলা, বেক্স ফার্মা ও ইসি কেবলস এর দাম বাড়লেও এসিআইয়ের শেয়ারের দাম কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিন সব শেয়ার সূচক কমেছে। সিএসইর সার্বিক শেয়ার সূচক সিএএসপিআই সূচক দশমিক ২৮ শতাংশ কমে দিনশেষে হয়েছে ৭৬৭৯ দশমিক ৬১ পয়েন্ট। কমেছে সিএসই- ৩০ ব্লু চিপ সূচক এবং সিএসসিএক্স সূচকও।
এই বাজারে ১৫৪টি কোম্পানির ৪৩ কোটি ৯ লাখ ২৫ হাজার টাকা দামের ৫৬ লাখ ৪৮ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ৬২টির আর চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/২১৪৪ ঘ.
bdnews24