ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নিয়ন্ত্রিত দামে ভোজ্য তেল মিলছে না বাজারে। দাম প্রতিদিনই বাড়ছে। চিনির দাম দুই সপ্তাহ আগেই হঠাৎ বেড়ে যায়। এবার দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ। একদিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বেড়ে গেছে।
শুক্রবার সকালে রাজধানীর খুচরা বাজারে গিয়ে দেশি পেঁয়াজ প্রতি কেজি ২০ থেকে ২২ টাকায় বিক্রি হতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রদীপ চৌধুরী।
বৃহস্পতিবার এ দাম ছিল ১৬ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়।
হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে ফার্মগেট এলাকার ইন্দিরা রোডের এক বিক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজ সকালে বিক্রি হয়েছে ৯০ থেকে ১০০ টাকায়। মাল নেই বলে আড়তদাররা দাম বাড়িয়ে দিয়েছে।"
কারওয়ান বাজারের এক পাইকারি বিক্রেতা জানান, গত দুদিনের বৃষ্টির কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কম, তাই দাম বেড়েছে।
ভোজ্য তেলের বাজারে অস্থিরতা আগের মতোই। দোকানিদের ধারণা, ৯ মার্চের পর তেলের দাম আবার বাড়ানো হবে। এ নিয়ে ক্রেতাদের উদ্বেগের পাশাপাশি বিরক্ত খুচরা বিক্রেতারাও।
নিউমার্কেট এলাকার মা বিপণী বিতানের পরিচালক আবুল খায়ের বলেন, "তেলের দাম প্রতিদিনই বাড়ে। এভাবে চলতে থাকলে তেল বিক্রিই বন্ধ করে দিতে হবে। দাম বাড়ায় সারাক্ষণই ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে।"
শুক্রবার প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ৫০০ মিলিলিটারের বোতল ৬০ টাকা, ৯০০ মিলিলিটার ১১৫ টাকা, দুই লিটার ২১৫ থেকে ২২০ টাকা এবং ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৫৪০ টাকায়।
সরকার গত ২৫ ফেব্র"য়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত খুচরা বাজারে প্রতি কেজি সয়াবিন তেল সর্বোচ্চ ১০৬ টাকা ৫০ পয়সা এবং পাম অয়েল ৯৯ টাকা ৫০ পয়সা দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু বাজারে তার প্রভাব দেখা যায়নি।
ফার্মগেটের মার্জিয়া স্টোরে সয়াবিন তেল কিনতে আসা দুলাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যেখানে সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও তা মানা হয় না। আমাদের প্রশ্ন, বিড়ালের গলায় ঘণ্টা তাহলে কে বাঁধবে?"
রাজধানীর বাজারগুলোতে শাক-সব্জির দামও কিছুটা বেড়েছে। কাঁচাবাজারগুলোতে শুক্রবার প্রতিকেজি কাঁচামরিচ ২৮ থেকে ৩২ টাকা, আলু (লাল) ১৬ টাকা, সাদা আলু ১৪ টাকা, মুলা ৮ টাকা, গাজর ১৪ টাকা, পেঁপে ১২ টাকা, শালগম ১৪ টাকা, গোল বেগুন ২০ টাকা, লম্বা বেগুন ১৬ টাকা, উচ্ছে ৩৬ থেকে ৪০ টাকা, ঢেড়শ ৩০ থেকে ৩২ টাকা, মিষ্টি কুমড়া ২০ থেকে ২২ টাকা, টমেটো ১৮ টাকা, কাঁচা টমেটো ১০ ও খিরা ১৪ টাকা বিক্রি হতে দেখা যায়।
এছাড়া প্রতিটি মাঝারি আকারের ফুলকপি ২২ থেকে ২৫ টাকা, ছোট বাঁধাকপি ১২ টাকা, লাউ ছোট ২০ টাকা, মাঝারি ২৫ টাকা এবং বড় ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক মিন্টু চৌধুরী দেখেছেন, ভোজ্য তেল বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। সরকারের বেঁধে দেওয়া দাম এখানে অকার্যকর।
সরকার নির্ধারিত দামের চেয়ে কমপক্ষে ১০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে ভোজ্য তেল। আর প্রতি কেজি চিনির দাম এক সপ্তাহের ব্যবধানে চার টাকা বেড়ে হয়েছে ৪২ টাকা।
বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতাদের অসন্তুষ্টি দিন দিন বাড়ছে। সরকারি হস্তক্ষেপে দাম না কমায় তারা এখন রীতিমতো হতাশ।
রেয়াজুদ্দিন বাজারে সয়াবিন তেল কিনতে আসা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সপ্তাহে প্রতি কেজি সয়াবিন তিনি ১১০ টাকায় কিনলেও আজ (শুক্রবার) তা কিনেছেন ১১৫ টাকায়।
তিনি বলেন, "সরকার যে পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে, সেটারই দাম বাড়ছে। দাম কমাতে অনেক চেষ্টা করেও সরকার বারবার ব্যর্থ হচ্ছে। তাই দাম কমানোর পদক্ষেপ বন্ধ করাই ভালো।"
সয়াবিনের দাম বৃদ্ধি প্রসঙ্গে রেয়াজুদ্দিন বাজারের খুচরা দোকানি কামাল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাইকারি বাজার থেকে ১১২ টাকা দরে কিনে আমরা ১১৫ টাকায় খুচরা বাজারে বিক্রি করছি।"
চিনির পাশাপাশি ডালের দামও চট্টগ্রামের বাজারে বেড়েছ
bdnews24