২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ঋণের সুদ কমানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে: গভর্নর

বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "ঋণের সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো আলাপ-আলোচনার মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলো আমানতের সুদের হার ঠিক রেখে ঋণের সুদের হার গড়ে ১ শতাংশ পয়েন্টের বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি হয়তো আশানুরূপ নয়। কিন্তু এরপরও এ সিদ্ধান্ত দেশের শিল্পখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "ঋণের সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো আলাপ-আলোচনার মাধ্যমে বেসরকারি ব্যাংকগুলো আমানতের সুদের হার ঠিক রেখে ঋণের সুদের হার গড়ে ১ শতাংশ পয়েন্টের বেশি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি হয়তো আশানুরূপ নয়। কিন্তু এরপরও এ সিদ্ধান্ত দেশের শিল্পখাতে ইতিবাচক প্রভাব ফেলবে।'' মুক্তবাজার অর্থনীতিতে জোর করে ঋণের সুদের হার কমানো ঠিক নয় মন্তব্য করে গভর্নর বলেন, "ব্যাংকগুলো আলাপ-আলোচনার মাধ্যমে প্রথমবারের মতো ঋণের সুদের হার কমানোর যে ঘোষণা দিয়েছে তাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। ঋণের সুদের হার কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র। ব্যাংকগুলো যাতে ধাপে ধাপে সুদের হার আরো কমিয়ে আনে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।" গড়ে ১ শতাংশ সুদের হার কমানোয় বিনিয়োগের ক্ষেত্রে তেমন প্রভাব পড়বে না- ব্যবসায়ী নেতাদের এমন অভিযোগের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, "ব্যবসায়ীরা তো তাদের স্বার্থের জন্য ঋণের সুদের হার আরো কমানোর কথা বলবেনই। কিন্তু ব্যাংকগুলোর দিকেও তাকাতে হবে। হুট করে সুদের হার বেশি কমানোও তাদের পক্ষে সম্ভব নয়।" এসময় আগামী দুই বছরের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর। তিনি বলেন, "অর্থনীতির প্রধান সূচকগুলোর মধ্যে রিজার্ভ সবচেয়ে সন্তোষজনক অবস্থানে রয়েছে। এটি সম্ভব হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির কারণে।'' বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ছয় বিলিয়ন ডলারের বেশি ছিল বলে গভর্নর জানান। তিনি বলেন, গত কয়েক দিন ধরে রিজার্ভ ছয় বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করছে। এ দিয়ে চার মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। সালেহউদ্দিন আহমেদ জানান, চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্র"য়ারি) প্রবাসীরা ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছে যা একটি রেকর্ড । গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ৮০ বিলিয়ন ডলার। এবার অর্থবছর শেষে রেমিট্যান্সের পরিমাণ সাত বিলিয়ন ডলার হবে বলে তিনি উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/২০২৫ঘ.