ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বাজারে অংশ নেওয়ার জন্য বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাংক সনদ দাখিল বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সনদে আবেদনকারী ও তার বাবা-মা'র নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের উল্লেখ থাকতে হবে।
বাংলাদেশ ব্যাংক সোমবার এ সংক্রান্ত সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমশিনের (এসইসি) আবেদনের পরিপেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
'বিও অ্যাকাউন্ট খোলা/নিয়মিতকরণে ব্যাংক সনদ প্রদানের বিধান' শীর্ষক ওই সার্কুলারে বলা হয়, ১৯৯৯ সালের এসইসি আইন অনুযায়ী বিও একাউন্ট খোলার সময় ব্যাংক সনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এতে আবেদনকারীর নাম, বাবা-মা'র নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের উল্লেখ থাকতে হবে। আবেদনকারীর জমা দেয়া ছবির পেছনে তার স্বাক্ষরও (ব্যাংক অ্যাকাউন্ট ও বিও অ্যাকাউন্টের আবেদনপত্রে দেওয়া স্বাক্ষরের অনুরূপ) থাকতে হবে।
যে সব অ্যাকাউন্ট আগে খোলা হয়েছে সেগুলোও আগামী ছয় মাসের মধ্যে একইভাবে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশ লঙ্ঘন করা হলে ছয় মাস পর ওইসব বিও অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হবে।
সার্কুলারে বলা হয়, এসইসি'র আবেদনের পরিপেক্ষিতে বিনিয়োগকারী ও পুঁজি বাজারের স্বার্থে এবং বিও অ্যাকাউন্ট খোলা ও আইপিও আবেদনের জালিয়াতি বন্ধ করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২৩৫০ ঘ.
bdnews24