ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার জন্য ব্যাংক কর্মকর্তারা এখন থেকে কোনও ধরনের সম্মানী পাবেন না।
রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এটি বিদেশি ব্যাংক ছাড়া সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে 'ব্যাংক কোম্পানি আইন-১৯৯১' এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ জারি করেছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করে দেখেছে, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তারা মাসিক বেতনসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার পরও ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় উপস্থিতির জন্য দেড় থেকে দুই হাজার টাকা পর্যন্ত সম্মানী নিয়ে থাকেন। যা ব্যাংক কোম্পানি আইনের পরিপন্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১৭৪৭ ঘ.
bdnews24