২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় লোক সমাগম কম, আয়োজকরা আশাবাদী

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর নয় দিন পরেও দর্শনার্থী ও ক্রেতা সমাগম কম বলে জানিয়েছেন আয়োজকরা। স্টল মালিকাদের দাবি তড়িঘড়ি করে উদ্বোধন এবং মাসের শেষের দিকে আয়োজন করায় মেলা জমছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 10:43 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর নয় দিন পরেও দর্শনার্থী ও ক্রেতা সমাগম কম বলে জানিয়েছেন আয়োজকরা। স্টল মালিকাদের দাবি তড়িঘড়ি করে উদ্বোধন এবং মাসের শেষের দিকে আয়োজন করায় মেলা জমছে না। বিক্রেতা ও আয়োজকদের দাবি, সকালের দিকে মেলা প্রায় দর্শনার্থী শূন্য থাকছে। বিকালে কিছূ দর্শনার্থী আসলেও বিক্রি কম। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ও মার্চের শুরুতে মেলা পুরোপুরি জমে উঠবে বলে তারা মনে করছেন। বুধবার বিকাল ও বৃহস্পতিবার সকালে মেলা ঘুরে দেখা গেছে, আগতদের বেশির ভাগই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিকাল থেকে মেলায় ভিড় কিছুটা বাড়লেও বিক্রি ছিল কম। ছোট স্টলগুলোর তুলনায় বড় প্যাভেলিয়ানগুলোতে দর্শনার্থীদের ভিড় একটু বেশি দেখা গেছে। এবারের মেলা কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এবারের মেলা নিয়ে আশাবাদী। তবে মাসের শেষ দিকে হওয়ায় দর্শনার্থী কম হচ্ছে। শুক্রবার থেকে মেলা পুরোপুরি জমে উঠবে।" তিনি বলেন, বাণিজ্য উপদেষ্টার সিডিউল পাওয়া সাপেক্ষে ১৯ ফেব্র"য়ারি উদ্বোধন করা হলেও মেলা পুরোপুরিভাবে শুরু হয়েছে ২২ ফেব্র"য়ারি থেকে। ঢাকা বাণিজ্য মেলার উদাহরণ টেনে তিনি বলেন, প্রথম দিকে সাড়া পাওয়া না গেলেও পরবর্তীতে তা বেশ জমে উঠে। প্রতিকূল আবহাওয়া না থাকলে অন্যান্য বছরের চেয়ে এবারের মেলা সফল হবে বলে তিনি আশাবাদী। চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ষোলবারের মত আয়োজন করা এই বাণিজ্য মেলায় ভবন তৈরির সরঞ্জাম থেকে শুরু করে কসমেটিকস, গৃহস্থালীর নিত্য প্রয়োজনীয় পণ্য, ক্রোকারিজ, শাড়ি, তৈরি পোশাকসামগ্রী, প্রসাধনী, চুড়ি-কানের দুল, মৃৎ শিল্প, ফার্নিচার, ভোগ্যপণ্য, টাকা উত্তোলনের জন্য ব্যাংকের এটিএম বুথ, মোবাইল ফোন কোম্পানি, খাবারের দোকান কি নেই এ মেলায়! মেলা ঘুরে দেখা গেছে, অলংকার, মোবাইল ফোন কোম্পানি, লিভার ব্রাদার্স, অটবি ও বড় বড় কোম্পানির প্যাভেলিয়নগুলোতে ভিড় বেশি। অটবিতে আসা দর্শনাথী সাবিনা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরের জন্য প্রয়োজনীয় ফার্নিচার দেখে যাচ্ছি। পরে এসে কিনে নিয়ে যাব।" মেলায় ঢাকার চাঁদনী চক থেকে আসা সালাম ফেব্রিকসের মালিক মোহাম্মদ আফতাব বলেন, "সকালে ক্রেতা একেবারেই থাকে না। মাস শেষ বলে ক্রেতারা পণ্য কিনছেন না। চাকরিজীবীরা মাসের শুরুতে মেলায় আসলে বিক্রি বাড়বে।" ক্রেতাদের আকৃষ্ট করতে নামিদামি প্রতিষ্ঠানের প্যাভেলিয়ন ও স্টলে বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার গ্রামীণফোন প্যাভেলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শনার্থীদের বিনামূল্যে পাঁচ মিনিট ব্রাউজ করার সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া গ্রামীণফোন সেন্টার থেকে যেসব সুবিধা পাওয়া যাবে তার সবই থাকছে এই প্যাভেলিয়নে। অপরদিকে বাংলালিংকের প্যাভেলিয়নে সিম কিনলে নানা উপহার দেওয়া হচ্ছে। এবারের মেলায় পাকিস্তান, থাইল্যান্ড, ভারত, ইরান ও মায়ানমারসহ ৩৬টি প্যাভিলিয়ান এবং ২৬২টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান। মেলা শুরুর পর নয়দিন পার হলেও বেশকয়েকটি স্টল এখনও পুরোপুরিভাবে তৈরি হয়নি। ১৯ ফেব্র"য়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১৯ মার্চ পর্যন্ত চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬৩১ ঘ.