ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা আদায়ের কৌশল পরিবর্তন করেছে বাংলাদেশ সরকার। তৈরি পোশাকের পাশাপাশি অন্যান্য রপ্তানি পণ্যও যাতে শুল্কমুক্ত সুবিধা পায় সে বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখেই মার্কিন কংগ্রেসে উত্থাপিত এ সংক্রান্ত বিল পাসের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বাংলাদেশ।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ''যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা আদায়ের কৌশল''-শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, ''সব রপ্তানিকারকের স্বার্থের বিষয়টি বিবেচনায় রেখেই মার্কিন কংগ্রেসে বিলটি পাসের উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে মালিক-শ্রমিক, সব ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।"
সবাই ঐক্যবদ্ধ অবস্থান নিতে না পারলে এ সুবিধা আদায় করা খুবই কঠিন হবে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা ।
হোসেন জিল্লুর বলেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এখন খুবই জরুরি হয়ে দেখা দিয়েছে। বিশ্ববাজারে এখন যে পণ্যের চাহিদা রয়েছে ভবিষ্যতে তা না-ও থাকতে পারে। সে কারণেই আমাদের রপ্তানি তালিকায় নতুন নতুন পণ্য সংযোজন করতে হবে। তাই পোশাকের পাশাপাশি অন্যান্য পণ্যও যাতে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পায় সে ব্যাপারে সবাই মিলে জোর প্রচেষ্টা চালাতে হবে।
উন্নত দেশগুলো স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) 'কৌশলে' এশিয়া ও আফ্রিকা এ দুই ভাগে বিভক্ত করে রেখেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, আফ্রিকার দেশগুলোই বেশি লাভবান হচ্ছে। এ পরিস্থিতিতে এলডিসিভূক্ত দেশগুলোর একটি শক্তিশালী ঐক্যবদ্ধ অবস্থান খুবই জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সিডিপি'র চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি'র নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বাংলাদেশ বস্ত্র শিল্প মালিক সমিতির সভাপতি আবদুল হাই শিকদার, শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম, শিরিন আকতার প্রমুখ।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা আদায়ের জন্য চেষ্টা চালিয়ে আসছে। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাককে ঘিরেই মূলত এ তৎপরতা চলে। সরকারের পাশাপাশি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এ সুবিধা আদায়ের জন্য চেষ্টা চালিয়ে এসেছে।
গত বছরের অক্টোবরে মার্কিন কংগ্রেসে এ সংক্রান্ত একটি বিল ওঠার পর সরকার সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটি সরকারের কাছে আংশিক যে প্রতিবেদন দিয়েছে তাতে শুধু তৈরি পোশাক নয়, অন্যান্য রপ্তানি পণ্যও যাতে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধা আদায়ের বিষয়টি বর্তমান সরকার খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যাতে বিলটি পাস হয় সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।
রেহমান সোবহান বলেন, ''বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোকে (এলডিসি) উন্নত দেশগুলো আগে অনেক সাহায্য দিত। কিন্তু এখন তা প্রায় শুন্যের কোঠায় নামিয়ে এনেছে। এখন বাণিজ্যের ওপর নির্ভর করেই চলতে হবে আমাদের। আর বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের বাজার একটি বিশাল বাজার। এ বাজারে আমাদের পণ্য শুল্কমুক্ত সুবিধা পেলে আমরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক লাভবান হবো।''
একটি ঐক্যবদ্ধ অবস্থান থেকে সবাইকে এ সুবিধা আদায়ের জন্য চেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
বিজেএমইএ নেতা আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, প্রায় সব কারখানায় এখন সরকারঘোষিত মজুরি অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পোশাক শিল্পে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ বিষয়গুলো বিলটি পাসের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মূল প্রবন্ধে মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে এখন প্রতি বছর ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। শুল্কমুক্ত সুবিধা পেলে প্রথম দিকেই এ রপ্তানি বাড়বে এক বিলিয়ন ডলার। এছাড়া অন্যান্য পণ্য রপ্তানিও উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে বলে তিনি জানান।
ইতিমধ্যেই ব্যক্ত অনেকের আশঙ্কার প্রতিধ্বনি করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিলটি পাস করানো না গেলে ভবিষ্যতে তা করা খুবই কঠিন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে১৭১৩ঘ.
bdnews24