চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে তৈরি পোশাক, সূতো ও যন্ত্রপাতির প্রদর্শনী কাফেক্সপো-২০০৮ আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে। নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে ১৬ ফেব্র"য়ারি (শনিবার) পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
কাফেক্সপোতে অংশ নিচ্ছে দেশি-বিদেশি মোট ৩০টি প্রতিষ্ঠান। প্রদর্শনীতে ৪২টি স্টল থাকছে। বিজিএমইএ ষষ্ঠবারের মত চিটাগাং ফেব্রিক অ্যান্ড এক্সেসরিজ এক্সপোজিশন (কাফেক্সপো) নামে এ প্রদর্শনীর আয়োজন করছে।
রোববার দুপুরে নগরীর একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলনে বিজিএমইএ চট্টগ্রাম শাখার কর্মকর্তারা এই তথ্য জানান। তৈরি পোশাক মালিকদের সমিতি বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি এম এ সালাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।
তিনি জানান, বাণিজ্য ও শিক্ষা উদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধন করবেন। আগামী ১৬ ফেব্র"য়ারি বিকাল চারটায় সমাপনী অনুষ্ঠানে এলজিআরডি উপদেষ্টা আনোয়ারুল ইকবাল উপস্থিত থাকবেন।
এম এ সালাম জানান, মেলাকে প্রাণবন্ত করতে এবং পরিবর্তনশীল ফ্যাশন ও ডিজাইন সম্পর্কে ধারণা দিতে প্রতিদিন 'অন গোয়িং ফ্যাশন শো'র আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কাফেক্সপো-০৮ এর প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন চৌধুরী, বিজিএমইএ এর সাবেক প্রথম সহ-সভাপতি মাহবুব আলী, পরিচালক এরশাদ উল্লাহ, আবদুল মান্নান রানা, এস এম আবু তৈয়ব, মাহবুব চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
কাফেক্সপো দেশি-বিদেশি আমদানি-রপ্তানিকারকদের মিলনমেলায় পরিণত হবে বলে উদ্যোক্তারা আশা করছেন। বিজিএমইএ কর্মকর্তারা জানান, তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে দেশের অন্যতম রপ্তানিখাতটিকে আরও বেগবান এবং শংকামুক্ত করতে এই প্রদর্শনী সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
এম এ সালাম জানান, দেশের তৈরি পোশাক শিল্পের মোট ৪০ শতাংশ চট্টগ্রামে অবস্থিত। আগামী তিন বছরের মধ্যে এই খাত থেকে মোট রপ্তানি আয় দেড় হাজার থেকে আঠার'শ কোটি ডলারে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই প্রদর্শনীকে সামনে রেখে চট্টগ্রামের পোশাক শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ১৫০ জন জ্যেষ্ঠ ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তাকে নিয়ে 'প্রাতিষ্ঠানিক আচরণ ও সুসম্পর্কের গুরুত্ব' শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হবে সোমবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯৪৩ ঘ.
bdnews24