ঢাকা, ফেব্র"য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাংক, বিদ্যুৎ, মিউচুয়াল ফান্ড ও বীমা খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ওপর ভর করে বৃহস্পতিবার চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার। এদিন লেনদেনের পাশাপাশি সাধারণ সূচকেরও উন্নতি হয়েছে।
বিনিয়োগকারীরা শেয়ার কেনায় আগ্রহী হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক আবারো তিন হাজার পয়েন্ট অতিক্রম করেছে।
গত ৩০ নভেম্বর এই সূচক প্রথমবারের মতো তিন হাজার পয়েন্ট স্পর্শ করেছিল।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয় যা আগের দিনের চেয়ে ৭৬ কোটি টাকা বেশি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের ৪০ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা থেকে বেড়ে ৫৩ কোটি ৬৭ লাখ ৩০ হাজার টাকা হয়েছে।
একটি মধ্যস্তকারী প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আগামী সপ্তাহ থেকে মার্চেন্ট ব্যাংকগুলোর মার্জিন লোন দেওয়ার ওপর থেকে বিধি নিষেধ শিথিল করা হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন, এতে বাজারে তারল্য বাড়বে। এ জন্য তারা শেয়ার কেনায় আগ্রহী হয়েছেন।"
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও গত কয়েক দিনের মন্দা কাটিয়ে উঠতে সক্রিয় হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫৫ দশমিক ৫০ পয়েন্ট বা এক দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৩০০০ দশমিক ১৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪৩ দশমিক ০৭ পয়েন্ট বা এক দশমিক ৭৩ শতাংশ বেড়ে হয়েছে ২৫২৩ দশমিক ০৮ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩২ দশমিক ৬৯ পয়েন্ট বা এক দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২৩৮১ দশমিক ০৭ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৭টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ১৫ শতাংশ বেড়ে হয়েছে ২৮৮৯ টাকা ৫০ পয়সা। তবে দ্বিতীয় অবস্থানে থাকা যমুনা অয়েলের শেয়ারের দাম এক দশমিক ১৪ শতাংশ কমে ৩৬৩ টাকা ৬০ পয়সা হয়। মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দামও এক দশমিক ৩০ শতাংশ কমে ৩৬৪ টাকা ৪০ পয়সা হয়েছে।
আর্থি খাতের মধ্যে গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম এক দশমিক ৩৭ শতাংশ বেড়ে ১২৫ টাকা হয়েছে। আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ৮১ শতাংশ বেড়ে ২৮৪২ টাকা ৫০ পয়সা হয়েছে।
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ও ফার ইস্ট লাইফ ইন্সুরেন্স এর শেয়ারের দামও এদিন বেড়েছে। কমেছে সামিট পাওয়ার ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম।
ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল কর্ণফুলী ইন্সুরেন্স, বিডিকম অনলাইন, প্রগতি ইন্সুরেন্স, পারফিউম কেমিকেলস ও পূরবী জেনারেল ইন্সুরেন্স। লোকসানিদের তালিকায় শীর্ষে ছিল এম হোসেন গার্মেন্টস, রোজ হ্যাভেন বলপেন, সমতা লেদার, ইস্টার্ন ইন্সুরেন্স ও বিজিআইসি।
বৃহস্পতিবার সিএসইতেও সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। এ বাজারে ১০৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩৩টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৩০ দশমিক ৩৫ পয়েন্ট বা এক দশমিক ৭৩ শতাংশ বেড়ে ৭৬৩৪ দশমিক ০৮ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৮৯ দশমিক ৩০ পয়েন্ট বা এক দশমিক ৮৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৯ ১১ দশমিক ৮৯ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৪৫ দশমিক ৬১ পয়েন্ট বা ২ দশমিক ১৭ শতাংশ বেড়ে ৬৮২৬ দশমিক ০৯ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/১৯৩৪ ঘ.
bdnews24