আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ পর্যায়ে ঠিকাদারদের গ্রেপ্তার আতঙ্ক চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতির পেছনে ভূমিকা রাখছে। সরকারি এক প্রতিবেদনেই বিষয়টি স্বীকার করা হয়েছে।
চলতি ২০০৭-০৮ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ওই প্রতিবেদনটি বুধবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) উপস্থাপন করা হয়।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের করা প্রতিবেদনটিতে ১০টি বড় মন্ত্রণালয়ে এডিপি বাস্তবায়নে ধীরগতির জন্য ৩০টি কারণ চিহ্নিত করা হয়। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সমস্যার উল্লেখ করে বলা হয়েছে, 'দেশের সার্বিক অবস্থার কারণে মাঠপর্যায়ে ঠিকাদাররা গা ঢাকা দেওয়ায় অবকাঠামো উন্নয়নের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।'
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ২১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এই হার গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। গত অর্থবছরের (২০০৬-০৭) জুলাই-ডিসেম্বর এডিপি বাস্তবায়নের হার ছিল ২৫ শতাংশ। ২০০৫-০৬ ও ২০০৪-০৫ অর্থবছরে এই হার ছিল যথাক্রমে ২৭ ও ২৯ শতাংশ।
এডিপি বাস্তবায়নের দিক দিয়ে বড় দশটি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। জুলাই-ডিসেম্বর সময়ে মোট বরাদ্দের মাত্র সাত শতাংশ বাস্তবায়ন করেছে এ মন্ত্রণালয়। গত অর্থবছরের একই সময়ে এ মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ শতাংশ।
প্রতিবেদনে এডিপি বাস্তবায়নের মন্থর গতির জন্য দরপত্রের সিডিউল তৈরি, দরপত্র আহ্বান, মূল্যায়ন, অনুমোদন ও কার্যাদেশ দিতে বিলম্ব, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, বন্যা ও সিডরকেও দায়ী করা হয়েছে।
বন্যা ও সিডর প্রসঙ্গে সেখানে বলা হয়, গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পর পর দু দফা বন্যা ও ১৫ নভেম্বর ভয়াবহ ঘুর্ণিঝড় সিডরের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকল্পের কাজ বিশেষ করে রাস্তা ও বাঁধ সংক্রান্ত কাজ বাধাগ্রস্ত হওয়ায় সার্বিক এডিপি বাস্তবায়ন কম হয়েছে।
এছাড়া প্রকল্পের স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহণে জটিলতা, সাহায্যপুষ্ট প্রকল্পগুলোর ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে অর্থ ছাড় করানোর ক্ষেত্রে দেরি^, অর্থ ছাড় সংক্রান্ত জটিলতা, গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ঘন ঘন বদলি এবং মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা থেকে প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করাকেও এডিপি বাস্তবায়নে ধীরগতির জন্য দায়ী করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এডিপিতে মোট ৯৩১টি প্রকল্প রয়েছে। এজন্য বরাদ্দ রয়েছে ২৬ হাজার ৫০০ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/জিএনএ/এমএ/১৬৪৩ ঘ.
bdnews24