২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম শুল্কভবনে প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম শুল্কভবনে স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালুর মাধ্যমে আধুনিকায়ন ও পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। মঙ্গলবার চট্টগ্রাম শুল্কভবনে 'অটোমেশন' (স্বয়ংক্রিয় প্রক্রিয়া) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শুল্কভবনে স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালুর মাধ্যমে আধুনিকায়ন ও পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। মঙ্গলবার চট্টগ্রাম শুল্কভবনে 'অটোমেশন' (স্বয়ংক্রিয় প্রক্রিয়া) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, "শুল্কভবনে স্বয়ংক্রিয় প্রক্রিয়া চালুর মাধ্যমে আধুনিকায়ন ও পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে তা ভবিষ্যতেও ধরে রাখতে হবে। এ পরিবর্তনকে পুরোদমে ধরে রাখা গেলে শুল্কভবনের চেহারা পাল্টে যাবে এবং রাজস্ব আদায়ে গতি আসবে।" শুল্ক আদায়ের ক্ষেত্রে সামগ্রিকভাবে এ উদ্যোগকে স্বচ্ছ অ্যাখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, "এ প্রক্রিয়ায় শুল্ক আদায়ের ফলে সেবা প্রার্থীরা বিশেষ সুবিধা পাবেন। এ ধরনের পরিবর্তন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে চালু করা উচিত। এতে করে প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।" দেশের উন্নয়নের স্বার্থে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে পরিচালিত এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা উচিত মন্তব্য করে প্রধান উপদেষ্টা জানান, ব্যক্তিগত আগ্রহ থেকেই শুল্ক ভবনের কার্যক্রম পরিদর্শনে এসেছেন তিনি। পরিদর্শনের সময় টাস্কফোর্স-২ এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির প্রধান উপদেষ্টাকে অটোমেশনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। উপদেষ্টা শুল্কভবনের নির্মাণাধীন প্যাভিলিয়ন, সোনালী ব্যাংকে অনলাইনে শুল্ক আহরণ প্রক্রিয়া এবং ব্যাক-আপ সার্ভার রুম ও ল্যাবরেটরি পরিদর্শন করেন। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ছাড়াও শুল্ক কমিশনার (আমদানি) শাহ আলম খান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসন বাচ্চুসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। চলতি বছরের আগস্ট মাস থেকে প্রাথমিকভাবে চট্টগ্রাম শুল্কভবনে স্বয়ংক্রিয় শুল্কায়ন প্রক্রিয়া চালু হয়। এরপর অক্টোবর থেকে অধিকাংশ ক্ষেত্রে শুল্কায়নের জন্য এ পদ্ধতি কার্যকর করা হয়। গত ৬ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিএইচ/জেকে/২২৩৫ ঘ.