২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিবিএফ বাঁচিয়ে রাখার আহবান

বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)'র সর্বশেষ বৈঠকে মঙ্গলবার এর কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)'র সর্বশেষ বৈঠকে মঙ্গলবার এর কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি- উভয় পক্ষ থেকেই এ আহ্বান জানানো হয় বলে বৈঠক শেষে বিবিবিএফ সদস্য বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ সাংবাদিকদের জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্প বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেন, "আজ (মঙ্গলবার) এ ফোরামের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই যে সরকারই ক্ষমতায় আসুক না কেন এ ফোরামের কার্যক্রম যেন অব্যাহত থাকে।" বিজিএমইএ সভাপতি বলেন, "বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বের ভিত্তিতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে।" রেগুলেটরি রিফর্ম কমিশন (আরআরসি) ও বিবিবিএফ যৌথভাবে কাজ করলে দেশের অর্থনীতির ক্ষেত্রে সেযব সমস্যা আছে তা দূর করা সম্ভব বলেও প্রধান উপদেষ্টা মনে করেন। আনোয়ার-উল-আলম বলেন, "বর্তমানে প্রধান উপদেষ্টা এ ফোরামের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টা কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আমরা আশা করছি, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এ ফোরামের চেয়ারম্যান ও অর্থমন্ত্রী কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।" তিনি আরো বলেন, "গত এক বছরে বিবিবিএফ'র কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে এ বৈঠকে। বিবিবিএফ'র ৫টি ওয়ার্কিং গ্র"প মোট ৪৭ টি বৈঠক করে যেসব সুপারিশ দিয়েছিল তার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। এ ফোরাম স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী শতাধিক সুপারিশ করেছিল। দীর্ঘমেয়াদী সুপারিশ বাস্তবায়নে নির্বাচিত সরকার যাতে দৃষ্টি দেয় সেজন্য সরকারি ও বেসরকারি উভয় পক্ষ থেকেই আহ্বান জানানো হয়েছে।" অর্থনীতিকে গতিশীল করতে গত বছরের ২৬ নভেম্বর প্রধান উপদেষ্টাকে প্রধান করে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে ৩৮ সদস্যের এ ফোরাম গঠন করা হয়। এর ৫টি ওয়ার্কিং গ্র"প বিভিন্ন সময়ে বৈঠকে যেসব সুপারিশ করে সেগুলো যাচাই বাছাই করে পরে শতাধিক সুপারিশ চূড়ান্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/১৫৪৭ ঘ.