ঢাকা, নভেম্বও ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বুধবার বলেছেন, বর্তমানে দেশের পুঁজি বাজারের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।
দুপরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) ইনিশিয়াল পাবলিক অফারিংস (আইপিও) এর মূল্য নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতি প্রবর্তণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "প্রতিবেশী বিভিন্ন দেশ এবং উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সেসব দেশে পুঁজি বাজারে বড় ধরনের ধস নামলেও বাংলাদেশের অবস্থা ভালো।"
অবশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করায় পুঁজি বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আপিও'র মূল্য নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, এ পদ্ধতি চালু হলে আইপিও'র মূল্য নির্ধারণে আরো পেশাদারীত্ব আসবে।
বর্তমানে কোম্পানিগুলো নিজেরাই আইপিও'র মূল্য নির্ধারণ করে এবং এসইসি তাতে অনুমোদন দেয়। কিন্তু বুক বিল্ডিং পদ্ধতি চলু করা হলে বিনিয়োগকারীদের নিলামের মাধ্যমে বাজারের চাহিদা অনুযায়ী এ মূল্য নির্ধারিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এফএফ/জেকে/১৭১০ ঘ.
bdnews24