২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি চাঙ্গা করতে চীনে আবারও সুদের হার হ্রাস

চীন মধ্য-সেপ্টেম্বরের পর বুধবার চতুর্থবারের মতো সুদের হার কমিয়েছে। বাজারে অর্থ সরবরাহ বাড়িয়ে বিশ্ব অর্থনৈতিক সংকটের ধাক্কা সামলানোর লক্ষ্যে নতুন এই পদক্ষেপ নিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

বেইজিং, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীন মধ্য-সেপ্টেম্বরের পর বুধবার চতুর্থবারের মতো সুদের হার কমিয়েছে। বাজারে অর্থ সরবরাহ বাড়িয়ে বিশ্ব অর্থনৈতিক সংকটের ধাক্কা সামলানোর লক্ষ্যে নতুন এই পদক্ষেপ নিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি। চীনের কেন্দ্রীয় ব্যাংক- পিপলস ব্যাংক অব চায়না জানিয়েছে, এক বছর মেয়াদি ঋণ ও জমা- উভয়ক্ষেত্রেই সুদের হার ১ দশমিক ০৮ শতাংশ পয়েন্ট কমানো হয়েছে। এরফলে একবছরের জন্য ঋণ নিতে খরচ দাঁড়াবে ৫ দশমিক ৫৮ শতাংশ আর এক বছরের সার্টিফিকেট অব ডেপোজিটের জন্য ব্যয় দাঁড়াবে ২ দশমিক ৫২ শতাংশ। ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের এই হ্র্রাস ১৯৯৭ সালের অক্টোবরের পর সবচেয়ে বেশি এবং জমার ক্ষেত্রে ১৯৯৯ সালের জুনের পর সবচেয়ে বেশি। কেন্ত্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর বাধ্যতামূলক অর্থমজুদ রাখার পরিমাণও কমানো হয়েছে যাতে ব্যাংকগুলো বেশি পরিমাণে গ্রাহকদের ঋণ দিতে পারে। রপ্তানি চাহিদা কমে যাওয়ায় চীনের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সংকটের দিকে যাচ্ছে। একই সঙ্গে আবাসন বাজারেও চলছে মন্দা। অর্থনীতির গতি ফেরাতে চীন এর আগে, ৯ নভেম্বর ৪ ট্রিলিয়ন ইউয়ান (৫৮৬ বিলিয়ন ডলার) বাজারে ছাড়ার ঘোষণা দেয়। স্বল্প সময়ের মধ্যে রাস্তা, রেলপথ, আবাসনসহ ব্যাপক সরকারি উন্নয়ন কর্মে এই অর্থব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০১ ঘ.