ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার 'সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার ২০০৮' পেয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের তিন নারী উদ্যোক্তা ও একটি বেসরকারি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান সিটিগ্র"পের মানবকল্যাণমুখী সংগঠন সিটি ফাউন্ডেশন এ পুরস্কার দেয়।
এবার সিটি ফাউন্ডেশনের 'শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা' পুরস্কার পেয়েছেন গাজীপুরের সাবিনা বেগম, 'শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা'র পুরস্কার পেয়েছেন রাঙামাটির বেবি চাকমা এবং 'শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্র উদ্যোক্তা' পুরস্কার পেয়েছেন পাবনার সালমা আক্তার সাহিদা। এছাড়া বেসরকারি সংস্থা টাঙ্গাইলের সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসকে (এসএসএস) এবার 'শ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান' পুরস্কার দেওয়া হয়েছে।
অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ও অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। প্রত্যেক বিজয়ীকে সাড়ে তিন লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
পোশাক কারখানার উচ্ছিষ্ট ঝুট কাপড় দিয়ে ক্যাপ (টুপি) তৈরি করে সফলতা দেখিয়ে সাবিনা বেগম এ পুরস্কার পেয়েছেন। আদিবাসী নারী বেবি চাকমা গাভী পালনের (ডেইরী ফার্ম) পাশাপাশি বহুমুখি কার্যক্রম পরিচালনা করে (ব্যায়োগ্যাস, জৈবসার) বছরের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তার পুরস্কার জিতেছেন। অন্যদিকে পরিত্যক্ত প্লাস্টিক দ্রব্যাদি ও অব্যবহত পলিথিন দিয়ে ববিন ও ছিটা (তাঁত শিল্পে ব্যবহত প্রয়োজনীয় একটি দ্রব্য-এতোদিন যা কাঠ দিয়ে তৈরি হতো) তৈরি করে সালমা আক্তার সাহিদা এ পুরস্কার পান।
আর সমাজের পশ্চাদপদ, অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখার জন্য এসএসএসকে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়া পুরস্কারের চেক গ্রহণ করেন।
অর্থ উপদেষ্টা বলেন, "বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রম পৃথিবীতে এখন একটি অনুকরণীয় দৃষ্টান্ত। অনেক উন্নত দেশে বাংলাদেশের মডেলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র ঋণ শিক্ষা বিশেষ করে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নেও বিশেষ অবদান রাখছে।"
মির্জ্জা আজিজ বলেন, "যারা সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেয়েছে- তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অন্যদেরও এ কাজে উৎসাহিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।"
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম ও সিটি ব্যাংক এনএ-বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মামুন রশীদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসকে/২৩৩১ঘ.
bdnews24