২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবির ২০০ কোটি টাকা এসএমই ফাউন্ডেশনকে দেওয়া হতে পারে

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য এডিবি থেকে পাওয়া ২০০ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে স্থানান্তরের চেষ্টা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য এডিবি থেকে পাওয়া ২০০ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনে স্থানান্তরের চেষ্টা চলছে। শনিবার দুপুরে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, "ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের জন্য এডিবি থেকে পাওয়া ২০০ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনকে দেওয়ার চেষ্টা চলছে।" রাশেদা কে চৌধুরী বলেন, "এদেশে নারীকে পিছিয়ে দেওয়ার মতো অশুভ শক্তির অভাব নেই। তাদের হাতে নারীর মর্যাদা ভুলুণ্ঠিত হতে দেখেছি। এসিড সন্ত্রাসের মোট ভিকটিমের ৬০ শতাংশই নারী। জমি-জমা সংক্রান্ত বিরোধে নারীকে এসিডে ঝলসে দেয়া হচ্ছে। অথচ দুর্ভাগ্য এদেশে পৈতৃক জমি-জমার ওপর নারীর অধিকার তেমন একটা নেই।" ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে ব্যাংগুলোর প্রতি আহবান জানান তিনি। এসএমইএফ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওমেন্স এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন আউয়াল মিন্টু এবং নাসিব-এর প্রেসিডেন্ট মীর্জা নুরুল গণি শোভন ও পারভিন মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহিলা চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী এবং ধন্যবাদ বক্তব্য রাখেন এসএমইএফ এর উপ মহাব্যবস্থাপক ইয়ামিন আকবরী। বিডিনউজ টোয়েন্টিাফোর ডটকম/এমসি/জেকে/১৯৫০ ঘ.