ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে নতুন করে আবেদন করেছে মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্রামীণফোন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেডাল বলেন, "স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার জন্য আমরা নতুন করে আবেদন করছি। দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত আবেদনপত্র জমা দেওয়া হবে। আশা করছি আগামী মাসের মধ্যে গ্রামীণফোন তালিকাভূক্ত হবে। এটা শুধু আমাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, সাধারণভাবে বাংলাদেশের পুঁজিবাজারের জন্যও গুরুত্বপূর্ণ।"
গত ২৯ জুলাই গ্রামীণফোন এসইসিতে খসড়া 'প্রসপেক্টাস' (পরিচিতি পুস্তক) জমা দেয় এবং পুঁজিবাজারে শেয়ার ছাড়ার আবেদন করে। ওই সময় গ্রামীণফোন দেড় কোটি ডলার আইপিওর মাধ্যমে এবং দেড় কোটি ডলার 'প্রাইভেট প্লেসমেন্টের' মাধ্যমে সংগ্রহের প্রস্তাব দেয়।
গ্রামীণফোনের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আরিফ আল ইসলাম বলেন, "নতুন আবেদনে গ্রামীণফোন বাজারে সাড়ে ১২ কোটি ডলার মূল্যের শেয়ার ছাড়ার জন্য প্রস্তাব দিয়েছে। প্রাথমিক শেয়ারের (আইপিও) মাধ্যমে সাড়ে সাত কোটি ডলার সংগ্রহ করা হবে। আর 'প্রাইভেট পাবলিক অফারিং (পিপিও)' বা 'প্রাইভেট প্লেসমেন্টের' মাধ্যমে পাঁচ কোটি ডলারের তহবিল সংগ্রহ করা হবে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে আইপিও'র মাধ্যমে কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার একটি প্রস্তাব অনুমোদন করেছে গ্রামীণফোন পরিচালনা পর্ষদ। তবে বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারের সঙ্গে চলমান কর রেয়াত সংক্রান্ত আলোচনার ফলাফলের ভিত্তিতে শেয়ারের চূড়ান্ত পরিমাণ নির্ভর করছে।
এক প্রশ্নের জবাবে গ্রামীণ ফোনের বিদায়ী প্রধান নির্বাহী অ্যান্ডার্স ইয়েনসেন বলেন,"চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে এই পদক্ষেপ নিতে দেরি হয়েছে। অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারী দ্বিধাগ্রস্ত ছিল। এছাড়া দেশীয় বিনিয়োগকারীদের আমরা সময় দিতে চেয়েছি।"
বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট এবং 'প্রাইভেট প্লেসমেন্ট' অফারে অংশ নিতে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় সময় দিতে গত ২৪ সেপ্টেম্বর গ্রামীণফোন এ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/
bdnews24