২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ডের মাধ্যমে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করবে গ্রামীণফোন

প্রাইভেট প্লেসমেন্ট ব্যবস্থায় ৪২৫ কোটি টাকার বন্ড বাজারে ছাড়ছে গ্রামীণফোন। এই বন্ডের মাধ্যমে স্থানীয় পুঁজি বাজার থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহের জন্য রোববার দশটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে এই মোবাইল ফোন অপারেটর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 03:28 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাইভেট প্লেসমেন্ট ব্যবস্থায় ৪২৫ কোটি টাকার বন্ড বাজারে ছাড়ছে গ্রামীণফোন। এই বন্ডের মাধ্যমে স্থানীয় পুঁজি বাজার থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহের জন্য রোববার দশটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে এই মোবাইল ফোন অপারেটর। গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি ১ কোটি টাকা মূল্যের ৪২৫টি বন্ড ছাড়া হবে দুই ভাগে। এর একটি হবে ৫৪০ দিন মেয়াদী এবং অন্যটি ৭২০ দিন মেয়াদী। দুই ধরনের বন্ডেরই সুদ হবে বার্ষিক ১৪ দশমিক ৫ শতাংশ। এই বন্ড কোনো স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না, তবে 'ফ্রি ট্রান্সফারেবল স্ট্রাকচারের' কারণে সহজে কেনা বেচা করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পুঁজি বাজারে এ ধরনের বন্ড এটাই প্রথম। ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ (সিআরএবি) গ্রামীণফোন ও তাদের বন্ডকে 'ট্রিপল এ' রেটিং দিয়েছে। সিআরএবি'র রেটিং ব্যবস্থায় এটিই সর্বোচ্চ। 'প্লেসমেন্ট এজেন্ট' হিসেবে সিটিব্যাংক এন এ এই বন্ড বাজারে আনছে। এই বন্ড ছাড়ার মাধ্যমে গ্রামীণফোন আসলে প্রচলিত ব্যাংক ঋণ কাঠামোর বাইরে গিয়ে পুঁজি বাজার থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিল। বন্ড থেকে পাওয়া অর্থ সংস্থাটির অবকাঠামো উন্নয়ন এবং স্বল্প মেয়াদী ঋণের অংশবিশেষ পরিশোধে ব্যবহার করা হবে। পুঁজি সংগ্রহের পাশাপাশি এ উদ্যোগ কোম্পানির তারল্য ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডার্স ইয়েনসেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ঋণপত্র চালু এবং অভ্যন্তরীণ বাজারে আরো সচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্রামীণফোন বাংলাদেশের পুঁজি বাজারের অর্থপূর্ণ উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এ উদ্যোগ অন্য কোম্পানিগুলোর জন্যও পুঁজি সংগ্রহের একটি নতুন পথ সৃষ্টি করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/২১১৬ঘ.