ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। এ দিন রাত ৯টা পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।
দুই দফা মেয়াদ বাড়ানোর পর বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে।
তবে বিশেষ বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বিভিন্ন কর অঞ্চলে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত রিটার্ন জমা নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
বুধবার সন্ধ্যায় তিনি জানান, বুধবার পর্যন্ত চার লাখের বেশি করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আর এ থেকে সরকার ট্যাক্স (কর) পেয়েছে ৭০০ কোটি টাকার মতো।
গতবারের চেয়ে এবার আয়কর রিটার্ন থেকে সরকার বেশি ট্যাক্স পাবে বলে আশা প্রকাশ করেন এনবিআর প্রধান।
গতবার রিটার্ন থেকে সরকার পেয়েছিল ৭৩৯ কোটি টাকার রাজস্ব।
প্রতি কর বছরেই (অর্থ বছর) আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া থাকে। কিন্তু শেষ সময়ে এসে মেয়াদ বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ সেপ্টেম্বর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করে এনবিআর। এর পরও কাঙ্খিত রিটার্ন জমা না পড়ায় মেয়াদ ৬ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়
গতবারও রিটার্ন জমা দেওয়ার মেয়াদ দুই দফায় দু'মাস বাড়ানো হয়।
আবদুল মজিদ জানান, আয়কর অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কারণে বর্ধিত সময়সীমার মধ্যেও যদি আয়কর রিটার্ন জমা দিতে না পারে তাহলে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তার কাছে আবেদন করে সময় আরও কিছুদিন বাড়াতে পারেন।
তবে তার জন্য অবশ্যই উপযুক্ত কারণ দেখাতে হয় হবে বলে আবদুল মজিদ জানান।
২০০৭-০৮ অর্থবছরে ৬ লাখ ৪০ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন। এ থেকে সরকার ট্যাক্স পেয়েছিল ৭৩৯ কোটি টাকা। ২০০৬-০৭ অর্থবছরে আয়কর বিবরণী জমা দেওয়া ৫ লাখ ৩০ হাজার ব্যক্তির কাছ থেকে কর এসেছিল ২৫২ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯৫২ঘ.
bdnews24