২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের অভাবে চট্টগ্রামে সঙ্কট চরমে

প্রতিশ্র"ত গ্যাস না পাওয়ায় চট্টগ্রামে সঙ্কট চরমে পৌঁছেছে। সচল হচ্ছে না তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উৎপাদনে যেতে পারছে না অন্তত ৭০টি শিল্প প্রতিষ্ঠান। পর্যাপ্ত সরবরাহ কবে পাওয়া যাবে- তাও বলতে পারছেন না কর্মকর্তারা। বিস্তারিত রুহুল আমিন রানার প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 12:29 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

রুহুল আমিন রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিশ্র"ত গ্যাস না পাওয়ায় চট্টগ্রামে বিদ্যুৎ সঙ্কট চরমে পৌঁছেছে। ফলে সচল হচ্ছে না তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উৎপাদনে যেতে পারছে না অন্তত ৭০টি শিল্প প্রতিষ্ঠান। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ কবে নাগাদ পাওয়া যাবে- তাও স্পষ্ট করে বলতে পারছেন না কর্মকর্তারা। ঈদের তিন সপ্তাহ পরেও প্রতিশ্র"ত গ্যাস পাওয়া যায়নি চট্টগ্রামে। প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার কয়েক দফা ঘোষণার পরও কবে নাগাদ বাড়তি গ্যাস পাওয়া যাবে তা জানাতে পারছে না বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল)। ঈদ আর পূজার দীর্ঘ ছুটিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় নগরবাসী স্বস্তিতে ছিলেন। কিন্তু এরপর শিল্প কারখানাসহ সব প্রতিষ্ঠানে পুরোদমে আবার কাজ শুরু হওয়ায় বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন নগরীর বেশিরভাগ এলাকায় কয়েক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্মকর্তারা জানান, চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় সপ্তাহ জুড়ে গড়ে পিকআওয়ারে ১৬০ মেগাওয়াট লোডশেডিং করা হচ্ছে। আর গ্যাসের অভাবে তিনটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতিষ চন্দ্র বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার পর্যন্ত গ্যাস সরবরাহ বাড়ানোর কোন সিদ্ধান্ত বিজিএসএল জানাতে পারেনি। এ অবস্থা চলতে থাকলে চট্টগ্রাম অঞ্চলে ভয়াবহ বিদ্যুৎ সঙ্কট তৈরি হবে।" গ্যাস সমস্যা ছাড়াও কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে পানির স্তর কমে যাওয়ায় সেখানেও উৎপাদন কমছে জানিয়ে তিনি বলেন, "এ কারণে চাহিদা অনুযায়ী পরিস্থিতি সামাল দিতে জাতীয় গ্রিডের ওপর নির্ভরশীলতা বাড়ছে। পিক আওয়ারে প্রায় ছয়শ' মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে ১৬০ মেগাওয়াট লোডশেডিং করেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে।" পিডিবির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্যাসের চাপ কমে যাওয়ায় রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট থেকে গড়ে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। গ্যাসের অভাবে সমান ক্ষমতার আরেকটি ইউনিট ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ। একই কারণে ৬০ মেগাওয়াট উৎপাদনক্ষম শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র ও ২৮ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বার্জ মাউন্টেড কেন্দ্রটিও বন্ধ রয়েছে। গত ১৩ আগস্ট চট্টগ্রামে অনুষ্টিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বিদ্যুৎ সঙ্কট নিরসনে রোজার আগেই চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার বাস্তবায়ন হয়নি। এরপর গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে উচ্চ পর্যায়ের এক সভায় শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ঘোষণা দেন, ঈদের পর পরই চট্টগ্রামে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, কুমিল্লার বাঙ্গুরা থেকে গ্যাস উত্তোলন শুরু হলে সেখান থেকে চট্টগ্রামে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে। সে গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র এবং উৎপাদনের অপেক্ষায় থাকা নতুন কারখানাগুলোতে সরবরাহ দেয়া হবে। অতিরিক্ত ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে জাতীয় গ্রিড থেকে। কিন্তু বাঙ্গুরায় উৎপাদন শুরু হলেও বিজিএসএলের মহাব্যবস্থাপক (বিপণন) মো. খান আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেখান থেকে এখন সাত মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম। বাড়তি এই গ্যাস চট্টগ্রামের প্রায় দুই হাজার শিল্প কারখানা ব্যবহার করে ফেলায় এর সুফল পাওয়া যাচ্ছে না। এতে করে বিদ্যুৎ কেন্দ্র ও নতুন শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।" অন্যদিকে, জাতীয় গ্রিড থেকে বাড়তি ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস এখনো পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএসএলের আরেকজন কর্মকর্তা জানান, বাঙ্গুরায় গ্যাস পাওয়া গেলেও সাঙ্গুর উৎপাদন হ্রাস পাওয়ায় শিগগিরই চট্টগ্রামে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে না। বাখরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে সরবরাহ শুরু না হলে সঙ্কট থেকেই যাবে। বঙ্গোপসাগরের একমাত্র গ্যাস ক্ষেত্র সাঙ্গুর উৎপাদন ১৬০ মিলিয়ন থেকে কমে গড়ে ৫০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে বলে তিনি উল্লেখ করেন। বারবার প্রতিশ্র"তির পরও চট্টগ্রামে গ্যাসের সরবরাহ না বাড়ায় এবং অপেক্ষমান কারখানাগুলোতে সংযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সরকার এত সময় নেওয়ায় বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ছেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/এসকে/১৮১৭ঘ.