২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গতবারের চেয়ে সাড়ে ১৫ শতাংশ বেশি রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ

চলতি ২০০৮-০৯ অর্থবছরে প্রায় এক হাজার ৬৩০ কোটি (১৬ দশমিক ৩০ বিলিয়ন) ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার যা গত অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৫০ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 02:07 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি ২০০৮-০৯ অর্থবছরে প্রায় এক হাজার ৬৩০ কোটি (১৬ দশমিক ৩০ বিলিয়ন) ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার যা গত অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৫০ শতাংশ বেশি। বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে বিজিএমইএ, বিকেএমইএসহ রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি জানান, গত অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা এক হাজার ৪৫০ কোটি ডলার নির্ধারণ করা হলেও প্রকৃতপক্ষে এক হাজার ৪১১ কোটি ডলার আয় হয় যা লক্ষ্যমাত্রার তুলনায় ২ দশমিক ৬৮ শতাংশ কম। চলতি অর্থবছর শুরু হওয়ার তিন মাস পর রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "সাধারণত আমরা (সরকার) বিগত অর্থবছরের রপ্তানি আয় বিবেচনা করে নতুন অর্থ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকি। কিন্তু অর্থবছরের শেষ মাসের (জুন) রপ্তানি আয়ের পরিসংখ্যান পেতে দেরি হওয়ায় নতুন অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করতেও দেরি হয়ে যায়।" আগামী অর্থবছর থেকে সরকার ১০ মাসের (জুলাই-এপ্রিল) রপ্তানি আয়ের পরিসংখ্যান পর্যালোচনা করে নতুন অর্থ বছরের প্রথম মাসেই (জুলাই) রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণা করবে বলে তিনি জানান। যুক্তরাষ্ট্রসহ বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থার কারণে চলতি অর্থবছরে রপ্তানি আয়ে নেতিবাচিক কোন প্রভাব পড়বে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় রেখে সরকার কোনো ধরনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি। আশা করছি, যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অর্থবছর শেষে তা অর্জিত হবে।" চলতি অর্থবছরে প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে নিট-অয়্যার খাতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সবচেয়ে বেশি ৬৫৮ কোটি ডলার; গত অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় যা ১৯ শতাংশ বেশি। ওভেন গার্মেন্টস খাতের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬৮ কোটি ডলার, যা গত অর্থবছরের চেয়ে ১০ শতাংশ বেশি। এছাড়া হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ কোটি ৮১ লাখ ৩০ হাজার ডলার, চা রপ্তানির লক্ষ্যমাত্রা এক কোটি ৬৩ লাখ ৮০ হাজার ডলার, কৃষিজাত পণ্যের লক্ষ্যমাত্রা ১৬ কোটি ৮১ লাখ ৮০ হাজার ডলার, কাঁচা পাটের ১৯ কোটি ২৩ লাখ ডলার এবং চামড়া রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার। অন্যান্য প্রাথমিক পণ্য ও কৃষিজাত পণ্য খাতে আগের অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে যথাক্রমে ১০৫ ও ৪০ শতাংশ বেশি রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। উপদেষ্টা জানান, দেশওয়ারি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার হিসেবে চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৪১৫ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত অর্থবছরে দেশটিতে রপ্তানির লক্ষ্যমাত্রা ৪১০ কোটি ডলার নির্ধারণ করা হলেও প্রকৃত রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩৭০ কোটি ডলার। জার্মানিতে ২৬০ কোটি ডলার, যুক্তরাজ্যে ১৭০ কোটি ডলার, ফ্রান্সে ১১৫ কোটি ডলার, বেলজিয়ামে ৬১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার, ইতালিতে ৭১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার, কানাডায় ৬১ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলার এবং চীনে ৬৯ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/টিএইচ/এমএইচবি/২০০১ ঘ.