২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারহোল্ডারদের হট্টগোলে ইউসিবিএল এর এজিএম পণ্ড

শেয়ারহোল্ডারদের হট্টগোলের কারণে বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) বন্ধ করে দিয়েছে পুলিশ। ছয় বছরের পরিবর্তে মাত্র দুই বছরের লভ্যাংশ ঘোষণা করায় ক্ষুব্ধ শেয়ারহোল্ডারদের প্রতিবাদের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 03:01 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের হট্টগোলের কারণে বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) বার্ষিক সাধারণ সভা (এজিএম) বন্ধ করে দিয়েছে পুলিশ। ছয় বছরের পরিবর্তে মাত্র দুই বছরের লভ্যাংশ ঘোষণা করায় ক্ষুব্ধ শেয়ারহোল্ডারদের প্রতিবাদের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের চেয়ারম্যান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান অভিযোগ করেছেন, "প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের লোকজন পরিকল্পিতভাবে এজিএম এ হট্টগোল করেছে।" তিনি দাবি করেন, এরপরও নির্ধারিত তিনটি এজেন্ডা পাসের মাধ্যমে সাধারণ সভা শেষ হয়েছে। আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সাধারণ শেযার হোল্ডারদের প্রতিবাদের মুখে এজিএম শেষ না করেই চেয়ারম্যানের লোকজন পালিয়ে গেছে। হোটেল সোনারগাঁওয়ে ইউসিবিএল এর সভা শুরুর আগেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে শেয়ারহোল্ডারদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ঘটনাস্থলে আরও পুলিশ মোতায়েন করা হয়। রমনা থানার ওসি এ কে এম দৌলত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসন্তোষের সূচনা হয় খাবারের অসম বণ্টনের অভিযোগ থেকে। এরপর মাত্র দুই বছরের লভ্যাংশ ঘোষণা করা হলে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। সভার আয়োজক ও পুলিশের চেষ্টার পরও উত্তেজনা বাড়তে থাকলে একপর্যায়ে সাধারণ সভা বন্ধ করে দেওয়া হয়। দৌলত আকবর বলেন, "এক ঘণ্টা ধরে পরিস্থিতি শান্ত করার চেষ্টার পর আমরা সভা স্থগিত করতে বাধ্য হয়েছি।" সন্ধ্যায় মতিঝিল ফেডারেশন ভবনে ইউসিবিএল এর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের লোকজন পরিকল্পিতভাবে এজিএম এ হট্টগোল করে বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, এরপরও এজিএম শেষ হয়েছে। নির্ধারিত তিনটা এজেন্ডাও কণ্ঠভোটে পাস হয়েছে। জাহাঙ্গীর আলমের এ অভিযোগ অস্বীকার করে সাইফুজ্জামান চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার কী ক্ষমতা যে আমি হট্টগোল করতে যাব। কর্তৃপক্ষ তো তাদের। এজিএমে যারা ছিলেন তারা সবাই শেয়ারহোল্ডার। একজন শেয়ারহাল্ডার হিসাবে আমিও এজিএম এ ছিলাম। এখন আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।" তিনি আরও বলেন, "এজিএমের একটির পর আরেকটি করে এজেন্ডা পাসের নিয়ম থাকলেও কর্তৃপক্ষ একসঙ্গে অনেকগুলো এজেন্ডা উপস্থাপন করেছিল। এ কারণেই শেয়ারহোল্ডাররা ক্ষুব্ধ হয়ে নতুন ম্যানেজমেন্ট দাবি করে। প্রায় পাঁচ হাজার শেয়ারহোল্ডারের এমন দাবির পরিপ্রেক্ষিতে ওরা (বর্তমান কর্তৃপক্ষ) পালিয়ে গেছে।" এর আগে ২০০০ সালে ইউসিবিএল ব্যাংকের প্রধান কার্যালয় দখল নিয়ে বড় ধরনের ঝামেলা হয়েছিল। আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবু ব্যাংকের তখনকার চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রধান কার্যালয় থেকে বের করে দিয়ে প্রতিষ্ঠানটি কয়েকদিন দখল করে রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এআরএইচ/কিউএইচ/টিএইচ/এসএনডি/এমএইচবি/২০৫২ ঘ.