আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ২১ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এই হার গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বুধবার এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে সব উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবদের বিষয়টি সরাসরি তদারকি করার নির্দেশ দিয়েছেন।
এডিপি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের এক প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরের (২০০৬-০৭) জুলাই-ডিসেম্বর এডিপি বাস্তবায়নের হার ছিল ২৫ শতাংশ। ২০০৫-০৬ ও ২০০৪-০৫ অর্থবছরে এই হার ছিল যথাক্রমে ২৭ ও ২৯ শতাংশ।
বুধবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রতিবদনটি উপস্থাপন করা হয়। এতে এডিপি বাস্তবায়নের ধীরগতির জন্য ১১টি কারণ চিহ্নিত করে তা সমাধানেরও সুপারিশ করা হয়।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের একনেকের সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকের পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম
সাংবাদিকদের বলেন, ''সার্বিক বিবেচনায় এডিপি বাস্তবায়নের হার সন্তোষজনক নয়। বৈঠকে প্রধান উপদেষ্টাও এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি এডিপি বাস্তবায়ন ত্বরান্বিত করতে উপদেষ্টা ও সচিবদের নিয়মিত মনিটর করার আহ্বান জানিয়েছেন।''
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এডিপি বাস্তবায়নের দিক দিয়ে বড় দশটি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। জুলাই-ডিসেম্বর সময়ে মোট বরাদ্দের মাত্র ৭ শতাংশ বাস্তবায়ন করেছে এ মন্ত্রণালয়। গত অর্থবছরের একই সময়ে এ মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়নের হার ছিল ১১ শতাংশ।
বিদ্যুৎ বিভাগ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১৮ শতাংশ পরিকল্পনা বাস্তবায়ন করেছে। গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ২৯ শতাংশ।
ওই ছয় মাসের বিচারে স্থানীয় সরকার বিভাগ এ বছর মোট বরাদ্দের ২৮ শতাংশ বাস্তবায়ন করেছে। গত অর্থবছরে এই হার ছিল ৩৩ শতাংশ। যোগাযোগ মন্ত্রণালয় এবার ১৪ শতাংশ এডিপি বাস্তবায়ন করলেও গত অর্থবছরে তারা ২৪ শতাংশ বাস্তবায়ন করেছিল।
প্রতিবেদনে এডিপি বাস্তবায়নের এই মন্থর গতির জন্য দরপত্রের সিডিউল তৈরি, দরপত্র আহ্বান, মূল্যায়ন, অনুমোদন ও কার্যাদেশ দিতে বিলম্বকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, এডিপিতে অর্ন্তুক্ত প্রকল্পগুলোর জন্য বরাদ্দ টাকার সিংহভাগই (৬০ থেকে ৮০ শতাংশ) ব্যয় হয় সংগ্রহ বা কেনাকাটার কাজে। আর এতে অনেক সময় লেগে যায়। এ কারণে এডিপি বাস্তবায়নের হারও কমে যায়।
অন্যদিকে সময়মতো কার্যাদেশ দেয়া সম্ভব হলেও সরবরাহকারী/ঠিকাদার/পরামর্শক নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় এডিপি বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়।
এসব সমস্যা সমাধানের জন্য বছরের শুরু থেকেই ক্রয় পরিকল্পনা প্রণয়ন ও অনুমোদন এবং অনুমোদিত ক্রয় পরিকল্পনার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে ধীর গতির অন্য যেসব কারণ প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে সেগুলো হলো
bdnews24