ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীরা মিল গেটে দাম নির্ধারণ করে দেওয়ার পর খুচরা বাজারে ভোজ্য তেলের দাম আরেক দফা বেড়েছে।
বাজারে এ সপ্তাহে কোম্পানি ভেদে ৫০০ ও ৯০০ মিলিলিটারের এক বোতল সয়াবিন বিক্রি হচ্ছে যথাক্রমে ৬০ থেকে ৬৫ এবং ১১০ থেকে ১১৫ টাকা। গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬০ ও ১০৫ টাকায়।
ভোজ্য তেল ব্যবসায়ীদের সমিতি প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দেয় ৯১ টাকা ১০ পয়সা।
২১ জানুয়ারি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাণ্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ লিটার সয়াবিন তেলের বিক্রয় মূল্য নির্ধারণ করে দেয় ৪৯৪ টাকা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, পলাশী কাঁচাবাজার, শ্যামলী, মোহাম্মদপুরের টাউন হল ও কৃষি মার্কেটে রূপচাঁদা, তীর, পুষ্টি ইত্যাদি কোম্পানির ৫০০ ও ৯০০ মিলিলিটারের সয়াবিন তেল বিক্রি হয়েছে যথাক্রমে ৬০ থেকে ৬৫ ও ১১০ থেকে ১১৫ টাকায়।
এসব কোম্পানির ২ লিটারের বোতল ২২০ টাকা এবং ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৫২২ টাকায়।
খুচরা বাজারে লুজ (খোলা ) তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০০ থেকে ১০৫ টাকায়। বিডিআরের ন্যায্যমূল্যের দোকানগুলোতে এক লিটার সয়াবিন তেল (লুজ) ৮৮ টাকা, দুই লিটারের বোতল ১৮৪ টাকা ও পাঁচ লিটারের বোতল ৪৫৫ টাকায় বিক্রি হচ্ছে। অবশ্য ৫ লিটারের বোতল বিক্রি তালিকায় থাকলেও ক্রেতাদেরকে জানানো হচ্ছে 'সরবরাহ নেই'।
গত সপ্তাহে বাজারে ৫০০ ও ৯০০ মিলিলিটারের সয়াবিন তেল বিক্রি হয়েছে যথাক্রমে ৬০ ও ১০৫ টাকায়। দুই ও পাঁচ লিটারের বোতল ১৯৫ ও ৪৮৫ টাকায়। বিডিআরের ন্যায্যমূল্যের দোকানগুলোতে বিক্রি হয়েছে খোলা এক লিটার ৮৪ টাকা, দুই লিটারের বোতল ১৭৬ টাকা ও পাঁচ লিটারের বোতল ৪৩৫ টাকায়।
শ্যামলীর বিডিআর শপে তেল কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমাদের কষ্টের কথা কাকে জানাবো। যে টাকা বেতন পাই চাল, তেল আর বাসা ভাড়া দিতেই শেষ হয়ে যায়। এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না।"
গত সপ্তাহে চালের দাম আরেক দফা বাড়ার পর এখন তা স্থিতিশীল রয়েছে। শুক্রবার কারওয়ান বাজারে মোটা চাল ইরি গুটি বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৫ টাকা। এছাড়া পারি ৩৫ থেকে ৩৭ এবং পাইজাম ৩৮ টাকা। বিআর-২৮ ও লতা-২৮ বিক্রি হয়েছে ৪০ থেকে ৪২ টাকায়।
সরু চালের মধ্যে ভালো মানের মিনিকেটের দাম কেজি প্রতি ৪৬ থেকে ৪৮ টাকা। সাধারণ মানের মিনিকেট ৪৪ টাকা। নাজিরশাইল চাল পাওয়া যাচ্ছে ৪২ থেকে ৪৬ টাকায়।
একই চিত্র দেখা গেছে, নিউমার্কেট, পলাশী, মোহাম্মদপুরের টাউন হল ও কৃষি মার্কেটেও।
পলাশী বাজারে চাল ক্রেতা আমিনুল ইসলাম বলেন, "এখন আমরা চালের দাম কমার আশা ছেড়েই দিয়েছি। সরকারের আন্তরিকতা না থাকলে বাজারে সেনাবাহিনী-র্যাব নামিয়ে কোনো ফল আসবে না।"
তিনি আরও বলেন,"গরীবদেরই সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। আর আমাদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথাও নেই।"
খুচরা বাজারে ভোজ্য তেল ও চালের দাম বেশি হলেও শাক-সব্জির দাম গত সপ্তাহের মতই রয়েছে।
কাঁচাবাজারগুলোতে শুক্রবার প্রতি কেজি সিম ১৪ টাকা, কাঁচামরিচ ২০ থেকে ২৪ টাকা, আলু ১৪ থেকে ১২ টাকা, টমেটো ১২-১৫ টাকা, মুলা ৪ থেকে ৬ টাকা, গাজর ১০ থেকে ১৪ টাকা, পেঁপে ১০ টাকা, শালগম ৬ টাকা, গোল বেগুন ১৮ টাকা, লম্বা বেগুন ১৪ টাকা, করলা ১৮ টাকা, উচ্ছে ২০ টাকা, বরবটি ২০ টাকা এবং কাঁচা টমেটো ৮ টাকায় বিক্রি হয়েছে।
এছাড়া প্রতিটি ফুলকপি ১২ টাকা, বাঁধাকপি ১০ টাকা ও লাউ ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
শাকের মধ্যে এক আঁটি লালশাক ২ থেকে ৩ টাকা, পালং শাক ৩ টাকা, ডাঁটাশাক ২ টাকা এবং মাঝারি আকারের ডাঁটা বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ টাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএসবি/জিএনএ/১৫৩৮ ঘ.
bdnews24