ঢাকা. জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রেতাস্বার্থ সংরক্ষণের জন্য ভোক্তাদের সম্মিলিত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান। একইসঙ্গে তিনি বাজার তদারকিতে একটি সংস্থা গঠনেরও পরামর্শ দিয়েছেন।
আকবর আলির মত, শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাজার সমস্যার সমাধান সম্ভব নয়। এজন্য ভোক্তাদেরই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শিগগিরই ভোক্তা অধিকার আইন অধ্যাদেশ আকারে জারি করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি বলেন, "ইতিহাস থেকে দেখা যায়, কেউ কাউকে অধিকার দেয় না, আদায় করে নিতে হয়। বছরের পর বছর ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে কোনো সরকার এগিয়ে আসেনি। এজন্য অধিকার আদায়ের জন্য ক্রেতাদেরই এগিয়ে আসতে হবে। বর্তমান বাস্তবতায় আন্দোলন-সংগ্রাম ছাড়া ক্রেতাদের স্বার্থ সংরক্ষণের বিকল্প কোনো পথ খোলা নেই। তবে মনে রাখতে হবে, আন্দোলন মানে ভাংচুর-জালাও-পোড়াও নয়। সম্মিলিতভাবে সুশৃংখল আন্দোলন গড়ে তুলতে হবে। আর সরকারকে এ আন্দোলনে সব ধরনের সহায়তা দিতে হবে।"
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে একটি তদারকি সংস্থা গড়ে তোলার জন্য সরকারকে পরামর্শ দেন তিনি।
আকবর আলি বলেন, "বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে শুধু আইন শৃংখলা বাহিনী দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের দেশে ব্যবসায়ীরা মুক্তবাজারের অজুহাত দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মুনাফা আদায় করছে। এই দানবীয় শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া ভোক্তাদের অধিকার আদায় করা সম্ভব নয়।"
ভোক্তাস্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে সব সরকারই উদাসীন থেকেছে- অভিযোগ করে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান বলেন, "সরকারের পর সরকার এসেছে। কিন্তু এখন পর্যন্ত আমরা একটি ভোক্তা অধিকার আইন পাইনি। এটি জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা।"
সেসঙ্গে তিনি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আলাদা একটি সংস্থা গঠনের সরকারকে পরামর্শ দেন।
ক্যাব সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএসএইড মিশন ডিরেক্টর ডেনিস রোলিনস, ক্যাবের সাধারণ সম্পাদক কাজী ফারুক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৬৩০ঘ.
bdnews24