২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্চয়পত্রের মুনাফা: অপ্রাপ্তবয়স্করা কর অব্যহতির সুযোগ পাবে না

সঞ্চয়পত্র থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে সরকার যে কর অব্যহতির ঘোষণা করেছিল, সেই সুযোগ এখন থেকে কেবল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 05:47 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সঞ্চয়পত্র থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে সরকার যে কর অব্যহতির ঘোষণা করেছিল, সেই সুযোগ এখন থেকে কেবল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেহেতু অপ্রাপ্তবয়স্করা কর দেয় না এবং তাদের টিন নম্বরও থাকে না, সে কারণে তাদের কর অব্যাহতির সুবিধা পাওয়া কোনোভাবেই সমিচীন নয়। এ বিবেচনায় সঞ্চয়পত্রের মুনাফা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে উৎসে কর না কাটার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।'' বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম স্বাক্ষরিত ওই সার্কুলারে বলা হয়, একক নামে কেনা সঞ্চয়পত্রের গ্রাহক প্রাপ্তবয়স্ক হলে দেড় লাখ টাকা পর্যন্ত মুনাফার ক্ষেত্রে তাকে উৎসে কর দিতে হবে না। তবে একক নামে কেনা সঞ্চয়পত্রের গ্রাহক অপ্রাপ্তবয়স্ক হলে তিনি এ সুবিধা পাবেন না। দুজন অপ্রাপ্তবয়স্ক গ্রাহক যৌথভাবে সঞ্চয়পত্রের মালিক হলেও এ সুবিধা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একজন অপ্রাপ্তবয়স্ক ও একজন প্রাপ্তবয়স্ক যৌথভাবে সঞ্চয়পত্রের মালিক হলে মুনাফার দেড় লাখ টাকা পর্যন্ত আয়কর অব্যাহতি সুবিধা পাবে। তবে দুজন প্রাপ্তবয়স্ক গ্রাহক যৌথভাবে সঞ্চয়পত্রের মালিক হলে উৎসে কর অব্যাহতির সীমা হবে তিন লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড ও জাতীয় সঞ্চয় পরিদপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করায় কেন্দ্রীয় ব্যাংক ওই সার্কুলার জারি করে। এদিকে সঞ্চয়পত্রের মুনাফা থেকে উৎসে কর কাটা নিয়ে গত কয়েক মাসের জটিলতার কারণে জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ আশঙ্কাজনক পর্যায়ে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ খাতে মোট ৪৭৫ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। অথচ গত বছরের একই সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ছিল এক হাজার ২৬০ কোটি ৯০ লাখ টাকা। গত বছরের জুলাই মাসে সঞ্চয়পত্রের মুনাফা ২৫ হাজার টাকার বেশি হলে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখার ঘোষণা দেয় রাজস্ব বোর্ড। এর পর থেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগ কমতে শুরু করে। পরে ১ জুলাই থেকে কর কাটার সীমা দেড় লাখ টাকা পর্যন্ত শিথিল করা হলেও এ খাতে বিনিয়োগ তেমন একটা বাড়েনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২৩৩৪ ঘ.