ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ১২০ কোটি টাকার তহবিল নিয়ে পুঁজি বাজারে আসার অপেক্ষায় আছে গ্রামীণ মিউচুয়াল ফান্ড টু । গ্রামীণ ওয়ানের দ্বিতীয় পর্যায় হিসেবে এইমস বাংলাদেশ এই তহবিল পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি এরইমধ্যে এ ব্যাপারে একটি খসড়া প্রস্তাব সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দিয়েছে।
এসইসির অনুমোদন পেলে গ্রামীণ টু হবে বাংলাদেশের বাজারে এ যাবত কালের সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড।
এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ের সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "উদ্যোক্তা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের অনুমতি পাওয়ার পর সম্পদের ব্যবস্থাপক হিসেবে আমরা প্রস্তাবটি এসইসিতে জমা দিয়েছি।"
তিনি জানান, গ্রামীণ টু মিউচুয়াল ফান্ডের পরিশোধিত মূলধন হবে ১২০ কোটি টাকা এবং ৩৫ কোটি টাকা পর্যন্ত তহবিল বাড়ানো যাবে। এই হিসাবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় মিউচুয়াল ফান্ড। তাছাড়া স্থানীয় বাজারে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এবারই প্রথম তহবিল বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান এর শেয়ার গ্রহীতাদের জন্য গ্রামীণ টু এর ১০ টাকা দামের এক কোটি ৭০ লাখ শেয়ার ছাড়ার প্রস্তাব রাখা হয়েছে এই খসড়ায়।
১৮৮২ সালের ট্রাস্ট আইনের অধীনে ২০০১ এর ৯ মে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান প্রতিষ্ঠিত হয়। ওই বছরের ২৭ আগস্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিবন্ধন পায় এই মিউচুয়াল ফান্ড। উদ্যেক্তা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের হয়ে এইমস বাংলাদেশ এই মিউচুয়াল ফান্ডের তহবিল পরিচালনার দায়িত্ব পালন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২১২০ ঘ.
bdnews24