চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় রিহ্যাব আবাসন মেলা।
বৃহস্পতিবার সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান শাহ মোহাম্মদ আখতার উদ্দীন। ঢাকা ও চট্টগ্রামের ৪৫টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান তাদের প্রকল্প, ফ্ল্যাট ও প্লট বিক্রি করতে বিভিন্ন সুযোগ দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে মেলায় অংশ নিচ্ছে।
বুধবার দুপুরে নগরীর চিটাগাং ক্লাবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীরুল হক প্রবাল।
সাধারণ সম্পাদক বলেন, জমি মালিকদের উচ্চাকাক্সক্ষা, নির্মাণ সামগ্রীর উর্ধ্বগতি, ব্যাংক সুদের উচ্চ হার, ভবনের নকশা অনুমোদনের দীর্ঘসূত্রতার কারণে ডেভেলপারদের কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।
আয়োজকরা জানান, প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা। প্রবেশ টিকিটের টাকা সিডরে ক্ষতিগ্রস্ত এলাকায় সাইক্লোন সেন্টার নির্মাণে ব্যয় করা হবে।
মেলার শেষ দিন শনিবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল মবীন।
সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি মোকাররম হোসেন খান, রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সৈয়দ সিরাজুল হক, রিহ্যাব ফেয়ার চট্টগ্রামের আহবায়ক কাজী আইনুল হক ও মোফাখ্খারুল ইসলাম খসরু উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমআই/১৯৪৭ ঘ.
bdnews24