২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় পুঁজিবাজারে দরপতন

বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমার মধ্য দিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে দর পতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ব্যাংক, বিদ্যুৎ ও ওষুধ খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম কমার মধ্য দিয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শেয়ার বাজারে দর পতন হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "মুনাফা লাভের আশায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রিতে আগ্রহী ছিল। বাজারে বড় ধরনের পতন হতে পারে বলে গুঞ্জনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এই প্রবণতা দেখা দেয়।" তবে দরপতনের কারণ হিসেবে ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বিনিয়োগকারীদের পোর্টফোলিও পুনর্বিন্যাসের কথা জানান। তিনি বলেন, "গত দুদিনে বাজারে দরপতন ঘটার কারণ ব্যাংকিং খাতের শেয়ারের প্রাধান্য কমে যাওয়া। মনে হচ্ছে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিও পুনর্বিন্যাস করছেন।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৭ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ কমে ২৯৩১ দশমিক ৭৮ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ দশমিক ৩১ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ কমে হয়েছে ২৪৭৮ দশমিক ৯৩ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৬০ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ কমে ২৪২৯ দশমিক ৩৬ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৬ কোটি টাকার ৮৩ লাখ ৩২ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা এবি ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৮৪ শতাংশ কমে হয়েছে ২৭৮২ টাকা ৭৫ পয়সা। যমুনা অয়েলের শেয়ারের দাম দশমিক ০৩ শতাংশ বেড়ে ৩০০ টাকা হয়। সামিট পাওয়ারের শেয়ারের দাম ৪ দশমিক ০২ শতাংশ কমে ১৪৪৭ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম এক দশমিক ০৪ শতাংশ কমে ৮৫ টাকা ১০ পয়সা হয়। আইএফআইসি ব্যাংকের শেয়ার এক দশমিক ৪৮ শতাংশ কমে ২৭৮৮ টাকা ২৫ পয়সা হয়েছে। এছাড়া ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা ও প্রাইম ব্যাংকের শেয়ারের দামও কমেছে। তবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল বেঙ্গল বিস্কুট, রাসপিট ইনকরপোরেশন, মেঘনা শ্রিম্প, গ্রামীণ বাংলা ফুড ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল আমাম সী ফুড, পদ্মা অয়েল কোম্পানি, ষষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ন্যাশনাল টিউবস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। সিএসইতে ১৬ কোটি ২৬ লাখ ৭০ হাজার টাকার ২৬ লাখ ৭৬ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৬টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৬ দশমিক ৮৭ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে ৭৫৮৭ দশমিক ৪৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ কমে হয়েছে ৪৮৭০ দশমিক ১৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ কমে ৬৮৭৩ দশমিক ২৫ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/২০৫৩ঘ.