২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিডিপি'র প্রবৃদ্ধি হবে সাড়ে ৫ শতাংশের কাছাকাছি: বিশ্বব্যাংক

পর পর দুটি বন্যা, ঘূর্ণিঝড় সিডর ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপি (মোট জাতীয় উৎপাদন) প্রবৃদ্ধির হার কমে গিয়ে ৫ দশমিক ৫ শতাংশের কাছাকাছি দাঁড়াবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর পর দুটি বন্যা, ঘূর্ণিঝড় সিডর ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপি (মোট জাতীয় উৎপাদন) প্রবৃদ্ধির হার কমে গিয়ে ৫ দশমিক ৫ শতাংশের কাছাকাছি দাঁড়াবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বুধবার বিশ্বব্যাংকের 'গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট ২০০৮ (জিইপি ২০০৮)' প্রতিবেদনে বলা হয়, খাদ্য, জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির হার বাড়ায় এবং রপ্তানি খাত চাপের মুখে থাকায় অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে।" বিশ্বব্যাংকের পর্যালোচনায় জানানো হয়, রাজনৈতিক টানাপোড়েন ও বন্যার কারণে জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে ছয় শতাংশ থেকে কমে সাড়ে ৫ শতাংশ হতে পারে। ঋণ প্রবাহ ও রপ্তানি প্রবৃদ্ধি হ্রাস জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ায় প্রভাব ফেলবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত মাসে বাংলাদেশ ব্যাংক অর্থবছরের শুরুতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারিত ৭ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২ থেকে ৬ দশমিক ৫ পর্যন্ত নির্ধারণ করে। এর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও এশীয় উন্নয়ন ব্যাংকও জানিয়েছিল, চলতি অর্থবছরে জিডিপি'র প্রবৃদ্ধি ৬ শতাংশের কম হবে। বাংলাদেশে মোট আমদানির ১৯ শতাংশ খাদ্যপণ্য এ কথা উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, খাদ্যের দাম বাড়ায় সরকারি কোষাগারে চাপ তৈরি হবে এবং তা মূল্যস্ফীতির হার বাড়িয়ে দেবে। আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিরূপ প্রভাব পড়বে বলে প্রতিবেদনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/এসএনডি/এসকে/২১৪৪ঘ.