ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকস্মিক অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে এক সপ্তাহের মধ্যে সারাদেশে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু করবে সরকার। কেজিপ্রতি ২৫ টাকা করে চাল বিক্রি করা হবে।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী বুধবার বিকেলে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।
ওএমএস এর মাধ্যমে প্রতি পরিবার তিন কেজি করে মোটা চাল কিনতে পারবে। আগামী ফসল ওঠার আগ পর্যন্ত চলবে এ কর্মসূচি।
উপদেষ্টা তপন চৌধুরী বলেন, "আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় চালের আমদানি ব্যয়ও বেড়েছে। এখন সবচেয়ে নিম্ন দামের চাল আমদানি করতেও কেজিপ্রতি ৩০ টাকার বেশি প্রয়োজন। তারপরও সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিকভাবে বিডিআরের মাধ্যমে দ্রুত ১৫ হ্জাার টন চাল বাজারে ছাড়বে। এছাড়া সারাদেশে ওএমএস এর মাধ্যমে চাল সরবরাহ করা হবে।"
আগামী মার্চ থেকে ওএমএস চালু করা সিদ্ধান্ত থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা এগিয়ে এনে এক সপ্তাহের মধ্যে বিক্রি শুরু হচ্ছে বলে জানান খাদ্য উপদেষ্টা।
চালের বাজার নিয়ন্ত্রণে রেশনিং পদ্ধতি চালু করা হবে কিনা- জানতে চাইলে তপন চৌধুরী বলেন, "এ পদ্ধতি আবার প্রবর্তন করতে সময়ের প্রয়োজন। জনগণের তাৎক্ষণিক চাহিদার কথা বিবেচনা করে তাই ওএমএস কর্মসূচি এগিয়ে আনা হয়েছে।"
তিনি বলেন, "ওএমএস কর্মসূচি শুরু হলে চালের বাজার এমনিতেই স্থিতিশীল হয়ে আসবে। তাছাড়া বন্যা ও সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য দাতাগোষ্ঠীর প্রতিশ্র"ত ২২৩ মিলিয়ন ডলারের সহায়তা দ্রুত দেওয়ার জন্য বলা হয়েছে। দাতাদের নগদ অর্থের পরিবর্তে সমপরিমান চাল পাঠানোর জন্য আমরা বলেছি। আশা করি শিগগিরই সৌদি আরব থেকে এক লাখ ৫০ হাজার টন চাল পাওয়া যাবে।"
চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা চলছে বলে তপন চৌধুরী জানান। তিনি বলেন, "চাল আমদানিকারকদের সরকার উৎসাহিত করছে। সত্যিকার অর্থে মানুষ কষ্টে আছে। আমরা তাদের জন্য কিছু করতে চাই।"
ভারত থেকে পাঁচ হাজার টন চাল কবে আসছে জানতে চাইলে তিনি বলেন, এ নিয়ে আলোচনার জন্য দুই সদস্যের প্রতিনিধি দল আজ (বুধবার) ভারত যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএইচবি/২০৪০ ঘ.
bdnews24