২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলস অর্থ বিনিয়োগ করতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

ব্যাংকগুলোতে পড়ে থাকা বিপুল অলস অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অগ্রাধিকারভিত্তিতে এ অর্থ বিনিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোতে পড়ে থাকা বিপুল অলস অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) অগ্রাধিকারভিত্তিতে এ অর্থ বিনিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক আদেশে বাংলাদেশ ব্যাংক বলেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের আবার অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের তিনটি প্রকল্প চালু রয়েছে। এসব প্রকল্প থেকে ব্যাংক হারে অর্থায়নের এ সুবিধা নেওয়ার জন্য এর আগেও বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে পরামর্শ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দাশগুপ্ত অসীম কুমার স্বাক্ষরিত 'উদ্বৃত্ত তরলঅর্থ উৎপাদনশীল/এসএমই খাতে বিনিয়োগ' শীর্ষক একটি আদেশে বলা হয়, "দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বর্তমানে বিপুল অংকের উদ্বৃত্ত তারল্য (অলস অর্থ) রয়েছে, যা উৎপাদনশীল খাতে বিশেষত এসএমই খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে এবং ব্যবসায়িক কর্মকান্ডে অর্থায়নের বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হচ্ছে।" দেশের শিল্প উন্নয়নকে সুষম ও সংগঠিত করার লক্ষ্যে এসএমই খাতে নারী উদ্যোক্তাদের পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ঋণ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশে। সেসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এসএমই ডেস্ক স্থাপনেরও নির্দেশও দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, "বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, এসএমই খাতে অর্থায়নে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা আশাব্যঞ্জক নয়। বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের ঋণদানে কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। উল্টো মহিলা উদ্যোক্তাদের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ উত্থাপিত হচ্ছে।" বাংলাদেশ ব্যাংকের এ পরামর্শ ব্যাংকগুলো মানছে কিনা সেটা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে বলেও আদেশে জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকগুলোতে বর্তমানে প্রায় ১৪ হাজার কোটি টাকার অলস অর্থ পড়ে আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএ/২১৫৪ ঘ.