২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই-র ভোটার তালিকা থেকে আনিসুল হক বাদ

এফবিসিসিআই-র আসন্ন নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হকসহ সমিতির পাঁচজন বাদ পড়েছেন। মঙ্গলবার এফবিসিসিআইয়ের নির্বাচন সংক্রান্ত সালিশি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 06:18 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এফবিসিসিআই-র আসন্ন নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনিসুল হকসহ সমিতির পাঁচজন বাদ পড়েছেন। মঙ্গলবার এফবিসিসিআইয়ের নির্বাচন সংক্রান্ত সালিশি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাদ পড়া অন্য চারজন হলেন ফয়সল সামাদ, আব্দুস সালাম, এবিএম সামশুদ্দিন ও ফেরদৌস পারভেজ বিভন। আগামী ২০ নভেম্বর এফবিসিসিআই-র এ নির্বাচন হওয়ার কথা। ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনের নির্বাচন হওয়ার কথা ছিল গত ২২ আগস্ট। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে ওই তারিখে নির্বাচন স্থগিত ঘোষণা করে। আনিসুল হক ওই নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। বিজিএমইএ-র পাঁচ সদস্যের ভোটার তালিকা থেকে বাদ পড়ার ব্যাপারে সালিশি বোর্ডের সদস্য ও এফবিসিসিআই-র বর্তমান সভাপতি মীর নাসির হোসেন মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিজিএমইএ'র নির্বাচনের পর নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিজিএমইএ-র একজন সদস্য আদালতে মামলা করেছেন। মামলাটি বিচারাধীন থাকায় আইনগত দিক বিবেচনা করে ওই পাঁচ জনকে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা ভোটার হতে হলে আদালতের মাধ্যমে আসতে হবে।" অন্যদিকে আনিসুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সালিশি বোর্ড চরম অন্যায় সিদ্ধান্ত নিয়েছে। কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ভোটার তালিকা থেকে বিজিএমইএ'র পাঁচ জনকে বাদ দেওয়া হয়েছে, যা কোনোক্রমেই সমর্থনযোগ্য নয়।" তিনি আরও বলেন, "সালিশি বোর্ডের যে চারজন সদস্য রয়েছেন তার তিনজনই আমাদের বিপক্ষের। গত আগস্টে যে নির্বাচন হওয়ার কথা ছিল তাতে এ তিনজনই আমাদের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে কাজ করেছিলেন। এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা যুুদ্ধ করব।" আনিসুল হক বলেন, "আমরা এফবিসিসিআইয়ের সকল ভোটারদের বলব ভোটাধিকার হরণের এই অন্যায় সিদ্ধান্ত যেন মেনে না নেন।" তিনি জানান, বুধবার বিকেল তিনটায় বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/ডিডি/এমএইচবি/০০০৯ ঘ.