ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সঞ্চয়পত্রের মুনাফার ওপর থেকে ১০ শতাংশ উৎসে-কর কাটার ফলে সাধারণ বিনিয়োগকারীদের বড়ধরনের ক্ষতি হলে আগামী অর্থবছরে (২০০৮-০৯) তা প্রত্যাহারের বিবেচনা করা হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অণু বিভাগের সদস্য আলী আহমদ এ কথা বলেছেন।
সঞ্চয়পত্রের উৎসে-কর কাটা নিয়ে বিভ্রান্তি দূর করতে ব্যাংকগুলোর অনুরোধে রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক রোববার ব্যাংকারদের নিয়ে এক জরুরি বৈঠক করে। বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ইয়াছিন আলী ছাড়াও বিভিন্ন ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের প্রায় শ'খানেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যাংকাররা সঞ্চয়পত্র ভাঙ্গানোর সময় উৎসে-কর কাটা নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে নানা ধরনের ঝামেলার কথা তুলে ধরলে আলি আহমদ বলেন, ''দেশের সকল নাগরিকেরই কর দেয়া উচিত। কিন্তু আমাদের দেশে স্বপ্রণোদিত হয়ে কেউই কর দিতে চায় না। যাদের সামর্থ্য আছে তাদের কর দিতেই হবে। কিন্তু কারো কারো উপর এই কর যেনো জুলুম না হয় সে বিষয়টিও সক্রিয় বিবেচনা করে রাজস্ব বোর্ড। আর এ বিবেচনাতেই সঞ্চয়পত্রের মুনাফার ওপর থেকে ১০ শতাংশ উৎসে কর কাটার ফলে যদি সাধারণ বিনিয়োগকারীরা খুব বেশী ক্ষতির সম্মুখিন হন তাহলে তা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।"
তিনি বলেন বিভিন্ন মহল থেকেও এ বিষয়টি বিবেচনার অনুরোধ করা হচ্ছে। তবে এবার নয়। আগামী অর্থবছর থেকে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।''
আলি আহমদ ব্যাংকারদের বলেন, ''যে সকল সঞ্চয়পত্র ২০০৪ সালের পহেলা জানুয়ারির পরে ক্রয় করা হয়েছে এবং ২০০৭ সালের পহেলা জুলাইয়ের পরে মেয়াদপূর্ণ হবে সেগুলোর সুদ বা মুনাফা থেকে ১০ শতাংশ উৎসে কর কাটার বিধান করা হয়েছে। অর্থ্যাৎ ২০০৪ সালের পহেলা জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩০ জুন পর্যন্ত যে সুদ বা মুনাফা অর্জিত হয়েছে তা থেকে কোনো উৎসে-কর কাটা হবে না।''
প্রসঙ্গত সঞ্চয়পত্রের মুনাফার ওপর থেকে উৎসে-কর কাটার সিদ্ধান্তটি চলতি অর্থবছরের বাজেটে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএইচবি/২১০২ ঘ.
bdnews24