২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ, জ্বালানি ও সারের দাম বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী: সিপিডি

'আইএমএফ এর পরামর্শে' গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলে অভিহিত করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডি'র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, "দেশে যখন জিনিসপত্রের দাম বাড়ছে সেই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর পরিকল্পনা একটি হঠকারী সিদ্ধান্ত।" বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রা নীতি ওপর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে সিপিডি'র গবেষণা পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 02:00 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'আইএমএফ এর পরামর্শে' গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর সিদ্ধান্তকে আত্মঘাতী বলে অভিহিত করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সিপিডি'র নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, "দেশে যখন জিনিসপত্রের দাম বাড়ছে সেই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর পরিকল্পনা একটি হঠকারী সিদ্ধান্ত।" বাংলাদেশ ব্যাংক ঘোষিত মুদ্রা নীতি ওপর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। এতে সিপিডি'র গবেষণা পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। অর্থনৈতিক সংস্কারের বিভিন্ন শর্ত পূরণের মাধ্যমে সরকার ক্রমশ বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ঘনিষ্ঠ হয়ে উঠছে মন্তব্য করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিশ্বব্যাংকের কাছ থেকে ২০ কোটি ডলার ঋণ পেতেই এখন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। জ্বালানি খাতের সিস্টেম লস কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে করে বেশি আয়ের জন্য দাম বাড়ানোর প্রয়োজন হবে না। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে সরকারের জন্য ভালো একটা ভিত তৈরি হতে হতে পারে। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে। আইএমএফ এর কথায় কান দেওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে সিপিডি'র নির্বাহী পরিচালক আরও বলেন, বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বাংলাদেশের অবস্থান এখন যথেষ্ট ভাল। কাজেই ঋণ নেওয়ার জন্য আইএমএফ বা বিশ্বব্যাংকের কাছে আত্মসমর্পণের কোনো মানে নেই। ২০০৭-২০০৮ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের প্রস্তাবিত মুদ্রানীতি ব্যাংকগুলোকে সুদের হার বাড়ানোয় উৎসাহিত করবে বলে সিপিডি'র মূল্যায়ণে বলা হয়েছে। এর ফলে বেসরকারি খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে বলেও মনে করছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে সরকারের আর্থিক, বাণিজ্য ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়হীনতার সমলোচনা করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "মুদ্রানীতি দেখে মনে হচ্ছে সরকার বিশ্বব্যাংক ও আইএমএফ এর খুব ঘনিষ্ঠ হয়ে উঠছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য অর্থনীতিবিদ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের মধ্যে যে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছিল সেখান থেকেও দূরে সরে যাচ্ছে সরকার।" তিনি সরকারের ঋণ গ্রহণ প্রবণতা কমিয়ে বেসরকারি খাতে ঋণ সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। বিনিয়োগ পরিস্থিতির দৈনদশার কথা জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ ব্যাংকের উচিত ঋণের সুদের হার কমিয়ে বেসরকারিখাতে ঋণ প্রবাহ বাড়ানোর মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। তিনি বলেন, বাজেটের আগেই সরকারের মুদ্রানীতি ঘোষণা করা উচিত ছিল। বাজেটে সরকারের এই নীতির প্রতিফলন কীভাবে হবে তা পরিষ্কার নয়। সংবাদ সম্মেলনে মুদ্রানীতি পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে এই ধরনের নীতি প্রণয়নের ক্ষেত্রে আরও স্বচ্ছতা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/জেকে/এসএনডি/১৯৫৪ ঘ.