ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক মঙ্গলবার স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে বিএসটিআই(বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট) এর মহাপরিচালক আজমল হোসেন এবং ভারতের বিআইএস(ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস) এর পক্ষে বহিঃসম্পর্ক বিভাগের যুগ্মসচিব মুক্তা দি তমার ওই স্মারকে সই করেন।
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে দুই দিনব্যাপী বৈঠক শেষে এটি স্বাক্ষরিত হলো। এর ফলে বাংলাদেশী পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে এর গুণ ও মান নিশ্চিত করতে উভয় দেশ কাজ করবে।
স্মারক স্বাক্ষরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন বলেন, "বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশে গণতন্ত্র এবং স্থিতিশীল পরিবেশ দেখতে চায় ভারত।"
"বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। বাংলাদেশের জনগণই তাদের লক্ষ্য এবং ভবিষ্যৎ নির্ধারণ করবে", বলেন তিনি।
অপর এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, "সীমান্ত সন্ত্রাস উভয় দেশের জন্যই সমস্যা। এক দেশের সন্ত্রাসী যখন সীমান্ত অতিক্রম করে অন্য দেশে চলে যায় তখন তা আর একটি দেশের সমস্যা থাকে না।"
এক্ষেত্রে দুই দেশ একযোগে কাজ করলে অবশ্যই ইতিবাচক ফল পাওয়া যাবে বলে মন্তব্য করেন শিবশঙ্কর মেনন।
এর আগে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের সীমান্তে শান্তি স্থাপন, পানি বণ্টন, অর্থনৈতিক লেনদেন ও সাংস্কৃতিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
ছিটমহলগুলোতে ভোটার তালিকা প্রণয়নে ভারতের সহায়তা চাওয়া প্রসঙ্গে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, "বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি প্রয়োজনীয় সহায়তা পাব।"
বাংলাদেশ-ভারত রেল যোগাযোগের বিষয়ে শিবশঙ্কর মেনন বলেন, "দুই দেশের মধ্যে রেল চলাচল শুরুর করায় আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। তবে তা শুরুর আগে যোগাযোগের ধরন নির্ধারণ করতে হবে। এজন্য দু'দেশের প্রতিনিধি দল খুব শিগগিরই বসে বিষয়টি চূড়ান্ত করবে।"
পুরোপুরি বাংলাদেশে উৎপাদিত পণ্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হবে বলেও জানান শিবশঙ্কার মেনন।
১৯৭৪ সালের লেন্ড বর্ডার এগ্রিমেন্ট এর ভিত্তিতে বৈঠকে ছয় কিলোমিটার অচিহ্নিত সীমান্ত নির্ধারণ এবং ছিটমহলের ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান দুই পররাষ্ট্র সচিব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এমআই/১৬১৬ ঘ.
bdnews24