ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বৃহস্পতিবার ৪৫ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উত্তরা ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, ডাচ--বাংলা ব্যাংক, আইএফআইসি ও এবি ব্যাংককে তাদের বোনাস ও রাইট শেয়ার বাজারে ছাড়তে বলার পর বৃহস্পতিবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এই পরিপ্রেক্ষিতে দিনশেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৫ হাজার ৩৪৩ কোটি টাকা।
এর আগে ৩১ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৪৪ হাজার কোটি টাকা (৪৪ হাজার ৮ কোটি) অতিক্রম করে।
ডিএসই এর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধন বেড়েছে। পাঁচটি ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা করার ওপর বিধিনিষেধ দেওয়ার কারণেই এটা হয়েছে।"
বৃহস্পতিবার উত্তরা ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, ডাচ--বাংলা ব্যাংক, আইএফআইসি এবং এবি ব্যাংকের শেয়ারের দাম যথাক্রমে ১০ শতাংশ, ৫ দশমিক ৭৩ শতাংশ, ৭ দশমিক ৪৯ শতাংশ, ২৩ দশমিক ৪১ শতাংশ এবং ১১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
এছাড়া সৌদি যুবরাজের কাছে রূপালী ব্যাংকের হস্তান্তর প্রক্রিয়া শিগগিরই শেষ হয়ে যাবে এমন একটি খবর বাজারে ছড়িয়ে পড়লে ব্যাংকটির শেয়ারের দাম ৩০ দশমিক ৭৬ শতাংশ বেড়ে যায়।
এদিন কেবল তথ্যপ্রযুক্তি খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারের দাম বেড়েছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সেচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনের পরিমাণ বুধবারের ১২৫ কোটি টাকা থেকে বেড়ে ১৩৫ কোটি টাকা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বুধবারের ২০ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা থেকে বেড়ে ২৫ কোটি ৩৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৭ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ২০২৮ দশমিক ৮২ হয়েছে।
ডিএসআই বা সার্বিক সূচক ৫৮ দশমিক ৩৬ পয়েন্ট বা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ১৬৭৮ দশমিক ৩৩ পয়েন্ট হয়েছে।
এছাড়া আকর্ষণীয় ডিএসই--২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩১ দশমিক শূন্য ২ পয়েন্ট বা ১ দশমিক ৭৩ শতাংশ বেড়ে ১৮১৭ দশমিক ৯৪ পয়েন্ট হয়।
সিএসইতেও সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল।
বৃহস্পতিবার লেনদেনের তালিকায় শীর্ষে ছিল এবি ব্যাংক, ব্রাক ব্যাংক, পাওয়ার গ্রিড অব বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক ও ইউসিবিএল ব্যাংক।
এবি ব্যাংকের মোট লেনদেনের পরিমাণ ছিল ১০ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকা। তাদের শেয়ারের দাম ১১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে ১৪৮৭ টাকা ৭৫ পয়সা হয়েছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ১১ শতাংশ বেড়ে ৭২১ দশমিক ৫ টাকা হয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ১ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ৫৯৬ টাকা ৭৫ পয়সা হয়। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৪৬০ টাকা ২৫ পয়সা হয়েছে। এছাড়া ইউসিবিএল ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ৭৩ শতাংশ বেড়ে হয়েছে ২৪৮৯ টাকা ২৫ পয়সা।
দিনশেষে ডিএসইতে ১৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম। সিএসইতে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২০টির দাম কমেছে এবং ৯ টির দাম অপরিবর্তিত ছিল।
নফহবংি২৪.পড়স/এসপি/এমএআর/জেকে/২৩০৫ ঘ.
bdnews24